ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মেরামতে গত ছয় মাসে ৫০ কোটি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু মহাসড়কটির খানাখন্দ ও বড় গর্তগুলো রয়ে গেছে। বারইয়ারহাট থেকে চট্টগ্রাম গেট পর্যন্ত ৭২ কিলোমিটার মহাসড়কে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফেনীর ছাগলনাইয়া, কুমিল্লা সেনানিবাস, চান্দিনা বাজার ও গৌরীপুর বাজারের কাছে মহাসড়কটির বিভিন্ন অংশের অবস্থা বেহাল। এখন ভাঙাচোরা মহাসড়ক মেরামতে আরও ৬১ কোটি টাকা বরাদ্দের দেনদরবার চলছে।যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অবহেলা ও চার লেন প্রকল্পের ঠিকাদারদের দায়িত্বহীনতার কারণেই বিপুল অর্থ খরচ করেও মহাসড়কটি পুরোপুরি মেরামত হয়নি। সরেজমিনে এবং মহাসড়কের পাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ঈদুল ফিতরের আগে মহাসড়কটির বিভিন্ন অংশ যান-চলাচলের অনুপযোগী হয়ে পড়লে ইট-বালু দিয়ে জোড়াতালি দেওয়া হয়। কিছু স্থানে পিচ দিলেও তা ছিল একেবারেই সাদামাটা। ঈদের আগেও বিভিন্ন গর্তে ইট দিয়ে ভরাট করতে দেখা গেছে। এতেই প্রায় ৫০ কোটি টাকা খরচ হয়ে গেছে। সওজ সূত্র জানায়, জোড়াতালির কাজ এক সপ্তাহও টেকেনি। কিন্তু ঠিকাদারেরা ঠিকই বিল তুলে নিয়ে যাবেন।সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার পথ চার লেন করার কাজ পেয়েছে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে চীনা কোম্পানি সিনোহাইড্রো করপোরেশন সর্বাধিক সাতটি ভাগে, বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন দুটি ভাগে এবং আল আমিন-তাহের ব্রাদার্স (যৌথ) একটি ভাগের কাজ পেয়েছে। ঠিকাদারদের নিয়োগের চুক্তিতে বলা হয়েছে, ‘প্রকল্প চলাকালে মহাসড়কটির রক্ষণাবেক্ষণ, মেরামত ও স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।’২০১০ সালের জানুয়ারি মাসে ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও তারা কাজ শুরু করে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। চার লেনের জন্য মাটি ভরাটকাজ শুরু করলেও বিদ্যমান মহাসড়কটি দেড় বছর কোনো মেরামত করেনি। গত বর্ষায় মহাসড়কটি বেহাল হয়ে পড়লে রেজা কনস্ট্রাকশন ও তাহের ব্রাদার্স জোড়াতালির মেরামত শুরু করে। তবে এ জন্য তারা বাড়তি অর্থ দাবি করে বসেছে। সিনোহাইড্রো সবচেয়ে বেশি অংশে কাজ পেলেও তারা যন্ত্রপাতি আসেনি অজুহাতে মেরামত করেনি। পরে তাদের অংশও কিছু কিছু মেরামত করার দায়িত্ব দেওয়া হয় রেজা কনস্ট্রাকশনকে। সওজ সূত্র জানায়, রেজা কনস্ট্রাকশন ও তাহের ব্রাদার্স জোড়াতালির মেরামতের জন্য ২৭ কোটি টাকা দাবি করে বিল জমা দিয়েছে চার লেন প্রকল্প কার্যালয়ে। এটি এখন যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। সেখান থেকে অনুমোদন হলে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, চুক্তি অনুযায়ী মেরামতের দায়িত্ব ঠিকাদারের কাঁধে বর্তায় বলে যোগাযোগসচিব অনুমোদন দিচ্ছেন না। তবে যোগাযোগমন্ত্রী অনুমোদনের পক্ষে। সিনোহাইড্রোর সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠতার অভিযোগ আছে। রেজা কনস্ট্রাকশন ও তাহের ব্রাদার্স এই সরকারের আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজে প্রাধান্য পেয়ে এসেছে। সওজ সূত্র জানায়, ২৭ কোটি টাকার মধ্যে রেজা কনস্ট্রাকশনের বিল ১২ কোটি এবং তাহের ব্রাদার্সের ১৫ কোটি। রেজার একজন কর্মকর্তা জানান, তাঁরা আরও ২৩ কোটি টাকা খরচ করে ফেলেছেন। ২৭ কোটির অনুমোদন হলে ২৩ কোটির বিল জমা দেওয়া হবে। এ ছাড়া রেজা কনস্ট্রাকশনকে দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত ১২০ কিলোমিটার মেরামতে ৫৫ কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়েছে। সরেজমিন: মেরামতের পরও চট্টগ্রামের বারইয়ারহাট থেকে চট্টগ্রাম গেট পর্যন্ত ৭২ কিলোমিটার পথ অত্যধিক খানাখন্দে ভরা। বারইয়ারহাট, মিরসরাই, নিজামপুর কলেজ, সীতাকুণ্ডের বড় দারোগার হাটসহ একাধিক স্থানে মহাসড়কের পিচ উঠে পাথর-বালু বেরিয়ে গেছে। ক্ষতস্থানগুলো কয়েক ইঞ্চি পর্যন্ত দেবে গেছে।কিছু স্থানে মেরামত করা হয়েছে, তবে মসৃণ না হওয়ায় সেগুলোতে যানবাহনের চাকা লেগে আরও লাফিয়ে চলছে।ভাঙা ও বিধ্বস্ত অংশগুলো পার হওয়ার সময় যানবাহন চলে খুব ধীরগতিতে। ফলে দীর্ঘ যানজট লেগে থাকে সব সময়।বারইয়ারহাট বাজারের স্থানীয় এখলাস মাতাব্বর বলেন, বৃষ্টি হলে মহাসড়কের এই স্থানগুলোতে ভয়ংকর চিত্র দেখা যায়। যানবাহন চলার সময় চারপাশে কাদা ছিটায় এবং বিপজ্জনকভাবে যানবাহনগুলো দোলে।ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী ইউনিক পরিবহনের চালক রাইসুল ইসলাম বলেন, ঢাকা থেকে ফেনী পর্যন্ত কিছু কিছু স্থান বাদ দিলে আসা যায় ভালোভাবেই। কিন্তু ফেনী থেকে চট্টগ্রাম যেতে চার-পাঁচ ঘণ্টা লেগে যায়। বিশেষ করে বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়াটা খুবই কষ্টের। সব মিলিয়ে চার-ছয় ঘণ্টার পথ যেতে সময় লাগে আট থেকে ১০ ঘণ্টা।ওই পথে প্রায় প্রতিদিনই ট্রাক চালিয়ে থাকেন মফিজুল হক। তিনি বলেন, মহাসড়কের বেরিয়ে থাকা ইট-পাথরের কোনায় লেগে প্রায়ই ট্রাকের চাকা ফেটে যায়।মিরসরাই বাজার, নিজাম কলেজের সামনে, বারইয়ারহাট বাজার, বড়দারোগার হাটে মহাসড়কের পিচ অনেক আগেই উঠে গেছে। ইট-বালুর জোড়াতালিও চাকার ঘর্ষণে উড়ে গেছে। ইটগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে এসেছে। বাড়বকুণ্ড থেকে চট্টগ্রাম গেট পর্যন্ত দীর্ঘ পথে পিচ আছে, তবে তা স্থানে স্থানে দেবে গেছে। কিছু স্থানে গর্তও আছে। ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারে না। এ ছাড়া দাউদকান্দির গৌরীপুর বাজারের সামনে প্রায় ৫০০ মিটার এলাকায় মহাসড়ক যেন ধূলিমাখা মাঠ। চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ডে মহাসড়কের প্রায় ৫০০ মিটার অংশে এক লেনের পিচঢালা অংশ প্রায় পাঁচ-ছয় ইঞ্চি গর্ত হয়ে আছে। যানবাহন চলার সময় চারদিকে ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে। চান্দিনা বাজার বাসস্ট্যান্ডেও একই অবস্থা।চান্দিনাবাজারের মুদি দোকানি মোবারক হোসেন বলেন, গত এক বছরে কয়েকবার ইট-বালু দিয়ে মেরামত করা হয়েছে। কিন্তু তা এক সপ্তাহও টেকে না।কুমিল্লা সেনানিবাসের সামনে মহাসড়কের প্রায় ৫০০ মিটার পর্যন্ত বিধ্বস্ত। বড় বড় গর্তে ইট-বালু দিয়ে মেরামত করা হয়েছিল। কিন্তু চাকার ঘর্ষণে বালু উড়ে গেছে।ফেনীর ছাগলনাইয়ার নতুন মুহুরীবাজার, পুরাতন মুহুরীবাজার, সমিতি বাজার এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থান ঢেউ খেলানো। একদিকে পিচ উঁচু, অন্যদিকে নিচু। অসমান সড়কে যানবাহন চলে লাফিয়ে লাফিয়ে।ঠিকাদারদের স্বার্থে উদ্যোগ: চার লেন প্রকল্পের ঠিকাদারদের সুবিধা পাইয়ে দিতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খানাখন্দ মেরামতে ১১১ কোটি টাকা সরকারের রাজস্ব খাত থেকে খরচের পাঁয়তারা চলছে। মেরামতের এই অর্থ সওজের রক্ষণাবেক্ষণ খাত থেকে ব্যয় করা হবে। চুক্তি অনুযায়ী চার লেন প্রকল্প চলাকালে এই মহাসড়ক মেরামত করার দায়িত্ব ঠিকাদারদের। বেআইনিভাবে এই বাড়তি অর্থ খরচ করার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ২৭ কোটি টাকা খরচ করা হয়েছে গত বর্ষায়। তার পরও মহাসড়কটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। সওজ কর্মকর্তারা বলছেন, যে কাজ ঠিকাদারদের করার কথা, সে কাজ রক্ষণাবেক্ষণ খাত থেকে করা হচ্ছে। এত কিছুর পরও মহাসড়কটির মিরসরাই থেকে চট্টগ্রাম পর্যন্ত অংশ প্রায় চলাচলের অনুপযোগী।চলতি অর্থবছরে সওজের দৈনন্দিন সড়ক মেরামতে ৫৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সারা দেশের বেহাল সড়কের নিয়মিত মেরামত ছাড়াও সব সড়কের রক্ষণাবেক্ষণে ব্যয় করার কথা এই অর্থ দিয়ে। রেজা কনস্ট্রাকশনের উপপ্রকল্প ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন বলেন, তাঁরা এ পর্যন্ত প্রায় ৩৫ কোটি টাকা খরচ করেছেন। আরও অনেক স্থান মেরামতের বাকি আছে। বিল পাচ্ছেন না বলে কাজ বন্ধ রেখেছেন।তাহের ব্রাদার্সের উপপ্রকল্প ব্যবস্থাপক এফ আর ফেরদৌস প্রথম আলোকে বলেন, গত বর্ষায় তাঁরা প্রায় ১৫ কোটি টাকার মেরামত শুরু করেন। কিন্তু বিল পাচ্ছেন না। তাই পুনরায় মেরামত করতে পারছেন না। চুক্তি অনুযায়ী তো আপনাদেরই করার কথা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সাধারণ গর্ত আমাদের মেরামত করার কথা। কিন্তু মহাসড়কটি এত খারাপ যে চুক্তির অধীনে মেরামত সম্ভব নয়।’যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এই বিষয়ে বলেন, মেরামত সরকারের টাকাতেই হবে। প্রয়োজনে পরে কেটে রাখা হবে ঠিকাদারের কাছ থেকে।