খানাখন্দে বিপর্যস্ত সিলেট নগরের সড়কব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের পাঠানটুলা এলাকার রাস্তাটি খানাখন্দে ভরা। গতকাল বুধবার দুপুরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রফিক অটো ইলেকট্রনিকস নামের একটি দোকানের সামনে হঠাৎ যাত্রীসহ উল্টে যায় একটি রিকশা। আরোহী আমেনা আক্তার তিন বছরের ছেলেকে নিয়ে রাস্তায় পড়ে যান। সারা শরীর কাদায় একাকার। শিশুটির পা থেঁতলে যায়। ক্ষুব্ধ আমেনা নগর কর্তৃপক্ষকে বকাঝকা করতে করতে আরেকটি রিকশা ডেকে ছেলেকে হাসপাতালে নিয়ে যান। খোঁজ নিয়ে দেখা গেছে, নগরের ২৭টি ওয়ার্ডের সাত লাখ মানুষের নিত্যদিনের দুর্ভোগের একটি সাধারণ চিত্র এটি।শহরের এবড়ো-খেবড়ো ও খানাখন্দে ভরা অর্ধশতাধিক সড়কে চলতে গিয়ে সিলেট শহরের বাসিন্দারা প্রতিনিয়তই এ ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে। মাস ছয়েক ধরে এ সমস্যা চলে এলেও রাস্তাগুলো সংস্কারে কর্তৃপক্ষের তেমন তৎপরতা চোখে পড়েনি। সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন, বর্তমানে নগরের ৩৫ শতাংশ সড়ক খুব খারাপ অবস্থায় রয়েছে।সিলেট শহর ঘুরে দেখা গেছে, বেশির ভাগ রাস্তায় বড় বড় গর্ত। একসময়ের পিচঢালা মসৃণ পথ এখন খানাখন্দে ভর্তি। গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কগুলোতে কাদাপানি জমে আছে। কোথাও কোথাও গর্ত এতই গভীর যে যানবাহন আটকে যায়। ফলে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।নগরবাসীর অভিযোগ, ছয় মাস ধরে বিভিন্ন রাস্তায় পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অথচ মেরামতের কোনো উদ্যোগ নেই। বৃষ্টি হলেই পানি জমে। ওই সব রাস্তায় রিকশা বা অটোরিকশা উল্টে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার বদলে হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয়।রিকশাযাত্রী আজম খান ও তামান্না বেগম বলেন, ‘রিকশায় চড়তে গিয়ে ভয়ে থাকি। এবড়ো-খেবড়ো রাস্তার কারণে রিকশার চাকা খানাখন্দে পড়লেই লাফিয়ে ওঠে। ঝাঁকুনিতে পেটের সব বেরিয়ে আসতে চায়।’ অটোরিকশাচালক হামিদুর রহমান বিরক্তি প্রকাশ করে বলেন, ‘শহরের রাস্তা দিয়া যাত্রী নিয়া আইলেই সমস্যা। গাড়ির একটা না একটা সমস্যা অইবই।’ বেসরকারি সংগঠন নাগরিক মৈত্রী, সিলেটের আহ্বায়ক সমর বিজয় সি শেখর বলেন, সঠিকভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করলে রাস্তাগুলোর এমন দশা হওয়ার কথা নয়।সিলেট শহর ঘুরে দেখা গেছে, শহরের ব্যস্ততম বন্দরবাজার, জেলরোড, ধোপাদীঘিরপাড়, মিরাবাজার, উপশহর, তালতলা, শিবগঞ্জ, কাজল শাহ, আম্বরখানা, কাজীরবাজার, কালীঘাট, পাঠানটুলা, সুবিদবাজার, বাগবাড়ী, সোবহানীঘাট, যতরপুর এলাকার রাস্তার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে। বেশির ভাগ রাস্তাই চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। স্থানে স্থানে পিচ উঠে গেছে। কোথাও আবার সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। ফলে ভোগান্তি চরমে উঠেছে ওই সব এলাকাবাসীর। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, নগরের প্রায় সব কটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক সওজের অধীন। সওজের দেখভাল করার দায়িত্বে থাকা প্রায় ৩৫ কিলোমিটার সড়কের বেশির ভাগই রয়েছে নাজুক অবস্থায়। এগুলোর মধ্যে আম্বরখানা থেকে সুনামগঞ্জ রোড, আম্বরখানা থেকে শাহী ঈদগাহ, কুমারপাড়া থেকে শাহী ঈদগাহ, বন্দরবাজার থেকে আম্বরখানা, বন্দরবাজার থেকে তামাবিল রোড, সোবহানীঘাট থেকে উপশহর, ধোপাদীঘিরপাড় থেকে বন্দরবাজার সড়কের অবস্থা শোচনীয়।এ সড়কগুলো ছাড়া নগরের অনান্য সড়ক ও অলিগলির সংস্কারকাজ দেখভাল করে সিলেট সিটি করপোরেশন। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, তাদের অধীন ৬৫২ দশমিক ৫০ কিলোমিটার সড়ক রয়েছে। তবে সিটি করপোরেশনের প্রকৌশল শাখা দাবি করেছে, বর্তমানে নগরের যেসব সড়ক ভাঙাচোরা রয়েছে, তার বেশির ভাগই সওজের অধীন। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের করার কিছুই নেই।নগরের জেলরোড এলাকায় গিয়ে দেখা যায়, সংস্কারকাজের জন্য রাস্তায় পাথর ও বালু ফেলার পর মাসখানেক ধরে কাজ বন্ধ রয়েছে, যে কারণে কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি ও কাদায় একাকার রাস্তায় এলাকাবাসী পথ চলতে গিয়ে চরম দুর্ভোগে আছেন। ধোপাদীঘিরপাড়, তালতলা, পাঠানটুলা, সুবিদবাজারসহ বেশ কয়েকটি এলাকায়ও এমন চিত্র দেখা গেছে। সংস্কারকাজের জন্য ছোট-বড় গর্তে ইট-পাথর ফেলে রাখায় যানবাহন চলাচলেও দুর্ভোগ হচ্ছে। এ ছাড়া অন্য রাস্তাগুলোর সংস্কারকাজ শুরুই হয়নি। এ ব্যাপারে সিটি করপোরেশনের একজন প্রকৌশলী জানান, বৃষ্টির কারণে আপাতত পাথর ও বালু ফেলা হয়েছে। তবে বৃষ্টি শেষ হলেই সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হবে।নগরের রাস্তাগুলোর বিতিকিচ্ছিরি অবস্থার কথা স্বীকার করে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিটি করপোরেশনের অধীন যেসব সড়ক রয়েছে, সেগুলোর বেশ কয়েকটিতে ইতিমধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোও সংস্কার করা হবে। সিলেটের সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রমজান মিয়া প্রথম আলোকে বলেন, নতুন অর্থবছর শুরু হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে সড়ক সংস্কারের কাজ শুরু হবে।