খানাখন্দে বেহাল রাস্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর শহরের গুরুত্বপূর্ণ সবগুলো সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কের কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, সামান্য বৃষ্টি হলেই এসব সড়ক কাদায় একাকার হয়ে যায়। এ ছাড়া পৌর এলাকার পাড়া-মহল্লার অলিগলিতে ইটের সলিং করা রাস্তাগুলোর অবস্থা আরও বিপজ্জনক। শুধু তাই নয়, পাকা ও ইটের সলিং বাদে কাঁচা রাস্তা রয়ে গেছে ১৯ দশমিক ৫০০ কিলোমিটার। যা পৌর এলাকার মোট রাস্তার প্রায় অর্ধেক। এগুলোর অবস্থা এতই করুণ যে এসব রাস্তা দিয়ে হেঁটে পথ চলাই দুষ্কর হয়ে পড়েছে।পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার রাস্তাগুলো সংস্কারের আবেদন করেও সুফল পায়নি এলাকাবাসী। এ কারণে প্রতিবাদস্বরূপ এলাকার নারী-পুরুষেরা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছেন। শহরের মা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী এবাদুর রহমান বলেন, ‘বৃষ্টি হলে সব পানি দোকানে ঢুকে পড়ে। নিচু রাস্তা হওয়ায় এই দুর্ভোগ প্রতিনিয়ত হচ্ছে।’সরেজমিন প্রায় আধা কিলোমিটার দীর্ঘ পূর্ব কুশিয়ারা রোড এলাকায় গিয়ে দেখা যায়, এই শুকনো সময়েও হাঁটু পর্যন্ত কাদা লেগে আছে। রাস্তাটি পাকা না হওয়ায় সারা বছর কাদায় একাকার থাকে। রাস্তার দুই পাশে বেশ কতগুলো দোকানপাট। রাস্তার ঠিক লাগোয়া জকিগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেন। এ প্রতিষ্ঠানে ১৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। শুকনো মৌসুমেই যেখানে সমস্যা হচ্ছে, সেখানে বর্ষার সময় শিক্ষার্থীদের স্কুলে সম্যার অন্ত থাকে না। শিশু-শিক্ষার্থীরা বৃষ্টি হলে স্কুলে যেতে পারে না।কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মো. বদরুদ্দেজা ও রেজওয়ানা রশীদ ফাম্মি জানায়, ‘পা ভইরা যায়, স্কুলে আইতাম পারি না। কাপড়চোপড় নষ্ট হয়, জুতা পায় দিয়া স্কুলে আওয়া যায় না।’ কিন্ডারগার্টেনের শিক্ষক শাহীদুর রহমান বলেন, ‘রাস্তার ভয়ে অনেক বাচ্চা স্কুলে আসতে চায় না। এ সমস্যার সমাধান চেয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষ বরাবর আবেদন জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’আমেরিকা প্রবাসী হাজী আবদুল মতিন (৬৯) বলেন, ‘পূর্ব কুশিয়ারা রোড দিয়ে হাঁটার কোনো উপায় নাই। রাস্তার অবস্থা বেহাল। অথচ গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে।’ ব্যবসায়ী শরিফুজ্জামান ক্ষুব্ধ হয়ে বলেন, ‘রাস্তাগুলো সংস্কারের জন্য মেয়রের কাছে কমপক্ষে ১০ বার লিখিতভাবে আবেদন করেছি। সবগুলোর রিসিভ কপি এখনো আমার কাছে আছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ফল পাইনি। রাস্তাগুলোর খারাপ অবস্থা দেখে মনে হচ্ছে, এটা কোনো পৌর শহর হতে পারে না। এটা একেবারে অজপাড়া গাঁ।’