খানাখন্দের কারণে যান চলাচল বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালন্দ-ফরিদপুর-ডিক্রিরচর ও হাজীগঞ্জ-মৌলভীরচর (গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক) সড়কের গোয়ালন্দ অংশে বড় বড় গর্ত আর রাস্তার দুই পাশ ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র ও সরেজমিনে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ ২০০৬-০৭ অর্থবছরে রাজবাড়ী-ফরিদপুর-বরিশাল বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর সিলকোটের কাজ করে। এরপর থেকে আর কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গোয়ালন্দের উজানচর ইউনিয়নের মৈজদ্দিন মোল্যার পাড়া এলাকায় সড়কের সিলকোট উঠে ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি দিয়ে মেরামত করে যান চলাচলের উপযোগী করলেও আবার তা ভেঙে গেছে। এ ছাড়া সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।গোয়ালন্দের উজানচর ইউনিয়নের ছব্দুল খাঁর পাড়ার মজিবর শেখ (৪২) বলেন, ‘সড়কটি নির্মাণের পর এ পর্যন্ত সংস্কার না হওয়ায় এ অবস্থা হয়েছে। মৈজদ্দিন মোল্যারপাড়া এলাকায় সড়কের অর্ধেক অংশ ভেঙে যান চলাচল বন্ধের উপক্রম হয়েছে।’ স্থানীয় আমেনা বেগম (৬০) বলেন, ‘এই জায়গা বাইঙ্গা যাওয়ায় সুমানে সবাই ডাপোস-ডপোস কইরা পড়ে। ছয় মাস আগে এহানকার আমরা সব্বাই মিইলা মাটি দিইয়া ভইরা দিলেও আবার মেগের (বৃষ্টি) পানিতে বাইঙ্গা গেছে। ওই সময় কষ্ট করার জন্যি নসিমন, ট্রাকের ডাইবারদের কাছে টাহা চাইলে কেউ দেয় নাই। তাই এবার আবার বাইঙ্গা গেলেও এহন আর কেউ হারবার চাই না।’ প্লাস্টিক ব্যবসায়ী পাবনার বাসিন্দা বাবলু শেখ (৪৫) বলেন, ‘আমি এই রাস্তা দিইয়া সব সময় যাই তো, তাই রাস্তার কোনখানে ভাঙ্গা আছে তা আমার জানা। তার পরও মাঝেমধ্যি ভ্যান নিইয়া উইল্টা যাই। আর যারা নতুন—এই রাস্তা দিইয়া ফরিদপুর, গোয়ালন্দ, রাজবাড়ী যায়, তারা কেউ না কেউ উইল্টা তো পড়বই।’স্থানীয় ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আজিজুল বেপারী বলেন, ‘প্রতিদিনই এলাকার লোকজন রাস্তার ব্যাপারে এসে কথা বলে। কিন্তু আমাদের করার কী আছে?’উজানচরের ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘কয়েক বছরের মধ্যে সড়কটির সংস্কারকাজ না হওয়ায় এ অবস্থা হয়েছে। এলাকাবাসীর কথা শুনে নিজেই ওই সড়ক ঘুরে উপজেলার মাসিক সমন্বয় সভায় উত্থাপন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।’ সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও সড়কের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম জানান, ২০০৬-০৭ অর্থবছরে পাউবোর রাস্তার ওপর গোয়ালন্দ-ফরিদপুর-ডিক্রিরচর ও হাজীগঞ্জ মৌলভীরচর (গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক) সড়কের দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ থেকে ১২ ফুট চওড়া করে নয় কিলোমিটার পেভমেন্ট নির্মাণ ও সিলকোটের কাজ করা হয়। ২৯ লাখ ৯৪ হাজার ৪২০ টাকা ব্যয়ে কাজটি করেন রাজবাড়ীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এন ইউ কনস্ট্রাকশন। সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী সমিরন রায় প্রথম আলোকে বলেন, ‘নতুন করে সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে একটি প্রতিবেদন দাখিল করেছি। শুনেছি, সম্প্রতি ৭২ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হয়েছে। টাকা হাতে পেলেই আশা করি, খুব শিগগির কাজ শুরু করতে পারব।’