খাপছাড়া-সে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলতে বসেছি খাপছাড়া ও সে নামের দুটি পুস্তকের লেখক, হ্যাঁ লেখক তো বটেই, সে সঙ্গে অলংকরণ-শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। রবীন্দ্রনাথ শেষ জীবনে বড় মাপের চিত্রশিল্পী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। পঁচাত্তর থেকে আশি বছরে তাঁর মৃত্যু অবধি চিত্রাঙ্কনের পাশাপাশি তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন, যেগুলোকে নানান আখ্যা দেওয়া যায়, যেমন—হাল্কাচালের হাসির কবিতা, শিশুতোষ রচনা, ননেসন্স বা খেয়ালরসের লেখা, কিংবা আষাঢ়ে, উদ্ভট বা অ্যাবসার্ড ধরনের গল্পকথা। বিশ্বকবির সিরিয়াস বা গম্ভীর ধরনের রচনার ভিড়ে খাপছাড়া ও সে-এর মতো অকিঞ্চিৎকর রচনা তেমন গুরুত্ব পায়নি। আর এ-দুটি পুস্তকের অলংকরণ-শিল্পী হিসেবে যে তিনি আরও একটি নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছিলেন, সে-কথাটি নিয়ে উচ্চবাচ্য হয়েছে আরও কম। চিত্রশিল্পী রবীন্দ্রনাথবিষয়ক রচনায়ও দেখি পুস্তকের অলংকরণ-শিল্পী হিসেবে তাঁর ভূমিকা নিয়ে তেমন আলোচনা নেই। শেষ বয়সে আঁকা চিত্রমালার কাল্পনিক উদ্ভট প্রাণীদের সঙ্গে সমসময়ে লেখা খাপছাড়া, সে, ছড়া বা ছড়ার ছবি নামের রচনাগুলোর অ্যাবসার্ডিটির কোনো মিল পাওয়া যায় কি না সে খোঁজও তেমন হয়েছে বলে জানা নেই। বিশ্বভারতী গ্রন্থনবিভাগ থেকে প্রকাশিত তাঁর নিজের ও অন্যান্য লেখকের পুস্তকের মুদ্রণ পরিকল্পনায় যে সরল সৌন্দর্য, সেটিও যে মূলত তাঁরই, সে বিষয়টি নিয়েও বোধ হয় তেমন ভাবা হয়নি। খাপছাড়া ও সে গ্রন্থ দুটির অলংকরণ মুখ্য বিষয় হলেও অন্য দিকগুলো নিয়ে কিছু ভাবনা তুলে ধরাও এ-রচনার উদ্দেশ্য।খাপছাড়া রচিত হয়েছে ১৯৩৬ সালে, রবীন্দ্রনাথের বয়স তখন পঁচাত্তর। পরবর্তী বছরে সে, লেখকের বয়স ছিয়াত্তর। তবে রবীন্দ্রনাথ প্রায় একই ধরনের উদ্ভট কাব্য-কাহিনী সমসময়ে এবং পরেও লিখেছেন। ১৯৩৭-এ রচনা করেছেন ছড়ার ছবি। জীবনের একেবারে অন্তিম বছরে, ১৯৪১ সালে, লিখেছেন গল্পসল্প ও ছড়া। খাপছাড়া সমিল পদ্যে লেখা, সে গদ্যে হলেও মাঝেমধ্যে দু-একটি কবিতাও আছে। আবার গল্পসল্প গদ্য-পদ্যের সমন্বয়ে আর ছড়ার ছবি ও ছড়া তো পদ্যে। এগুলোর মধ্য থেকে খাপছাড়া ও সে-কে বেছে নেওয়ার কারণ হচ্ছে, এ দুটি পুস্তক রবীন্দ্রনাথ স্বয়ং চিত্রিত করেছিলেন। গল্পসল্প ও ছড়া চিত্রিত নয়, অবশ্য গল্পসল্প-এর জন্য শুধু নামপত্রটি রবীন্দ্রনাথ নিজে এঁকেছিলেন। ছড়ার ছবি চিত্রিত করেছিলেন নন্দলাল বসু। খাপছাড়া ও সের লিপির অনুষঙ্গী ছবির বিষয়ে আলোচনার আগে এ দুটি বইয়ের রচনার বৈশিষ্ট্য নিয়ে খানিকটা আলোকপাতের চেষ্টা করা যেতে পারে। দীর্ঘ চুল ও শ্মশ্রুশোভিত ব্যক্তিত্বমণ্ডিত চেহারায় যে গম্ভীর ভাবের রবীন্দ্রনাথকে আমরা সাধারণভাবে জানি, তার আড়ালের মানুষটি ছিলেন অত্যন্ত কৌতুকপ্রিয়। এ কথা তাঁর কাছের সব মানুষের জবানিতেই পাওয়া যায়। অনেক আগে অল্প বয়সে রবীন্দ্রনাথ হাস্যকৌতুক নামে একটি পুস্তক রচনা করেছিলেন। ১৮৮৫-৮৬ সালে ২৪-২৫ বছর বয়সের এ রচনাটির সঙ্গে অবশ্য জীবনের শেষ পর্বের কৌতুকপূর্ণ রচনার কোনো তুলনা চলে না। হাস্যকৌতুক প্রচলিত ধারার মোটাদাগের কৌতুক। সে, খাপছাড়া বা গল্পসল্প রবীন্দ্র-প্রতিভার ঝলকানি-যুক্ত চমকে হয়ে ওঠে অনন্যতায় চিহ্নিত। খাপছাড়া মূলত হাসির পদ্য, কিছুটা উদ্ভট ব্যাপার যুক্ত আছে, আর আছে অন্ত্যমিলের চমকপ্রদ ব্যবহার। এর ভূমিকায় রবীন্দ্রনাথ বলেছেন: ঠিকানা নেই আগুপিছুর,/ কিছুর সঙ্গে যোগ না কিছুর,/ ক্ষণকালের ভোজবাজির এই ঠাট্টা। বিশ্বভারতীর রবীন্দ্র-রচনাবলির গ্রন্থপরিচয়ে বলা হয়েছে: গ্রন্থটি বহু রঙিন ছবিতে ও রেখাচিত্রে কবি নিজেই চিত্রিত করিয়াছিলেন। যদিও এখন রঙিন ছবি ও সমস্ত রেখাচিত্র সংবলিত পুস্তকটির মুদ্রিত কোনো সংস্করণ সম্ভবত লভ্য নয়। রবীন্দ্রনাথ সে রচনা করেছিলেন নাতনি (পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের পালক-কন্যা) পুপে-র তাড়নায়। সে বিভিন্ন শিরোনামে আলাদা কাহিনিতে বিভক্ত হলেও মূলত একটিই গল্প—সে নামের একটি কাল্পনিক চরিত্র এর নায়ক, স্বয়ং পুপেও এতে চরিত্র হিসেবে ঢুকে যায়। শুরুতেই লেখকের কৈফিয়ৎ: ‘নাতনির ফরমাশে কিছু দিন থেকে লেগেছি মানুষ গড়ার কাজে; নিছক খেলার মানুষ, সত্যমিথ্যের কোনো জবাবদিহি নেই। গল্প যে শুনছে তার বয়স ন বছর, আর যে শোনাচ্ছে সে সত্তর পেরিয়ে গেছে।’ এ সম্পর্কে রচনাবলির গ্রন্থপরিচয়-এর ভাষ্য: ‘গ্রন্থটিকে রবীন্দ্রনাথ স্বয়ং চিত্রিত করিয়াছিলেন।’ একই বছর, অর্থাৎ ১৯৩৭-এ, রবীন্দ্রনাথ অনেকটা খাপছাড়ার ঢঙে ছড়ার ছবি নামে হালকা চালের একটি ছড়ার বইও প্রকাশ করেছিলেন। এটি তিনি চিত্রণের দায়িত্ব দেন শিল্পী নন্দলাল বসুকে। জীবনের একেবারে অন্তিম বছরের রচনা গল্পসল্প লিখেছিলেন আরেক নাতনি নন্দিতাকে (কন্যা মীরাদেবীর কন্যা) উদ্দেশ করে। একই বছর লেখা ছড়া বইটিও মূলত অসাধারণ অন্ত্যমিল দিয়ে লেখা হাসির ছড়ার সংকলন।১৯৩৬ থেকে ’৪১-এর মধ্যে রচিত এ রচনাগুলোর সঙ্গে রবীন্দ্রনাথের অন্যান্য সাহিত্যকর্মের সম্পর্ক তেমন নেই, হয়তো সহজ পাঠ-এর কিছু লেখার সঙ্গে মিল পাওয়া যেতে পারে। অবশ্য এটি ঠিক যে রবীন্দ্রনাথের প্রায় সব সৃজনশীল লেখায় কৌতুক একটি অন্তঃশীলা স্রোতের মতো প্রবহমান থাকে। তাঁর কৌতুকপ্রবণ মনটির পরিণত সৃজনশীল স্ফুরণ আমরা প্রথম দেখি তাঁর চিত্রকর্মে। তাঁর উদ্ভট, আদিম, জান্তব, ভয়াল চেহারার অদৃষ্টপূর্ব জীবজন্তু-পাখি-মানুষেরা যতটা ভয়াল, তার চেয়ে কম পরিহাসপূর্ণ নয়। সে আর গল্পসল্পে বাস্তবের সঙ্গে কল্পনার যে মিশেল পাই, তার সঙ্গে রবীন্দ্রনাথের এসব চিত্রকর্মের একটি সম্পর্কসূত্র কি পাওয়া যায়? রচনার সময়কালটিও কাছাকাছি, এ নিয়ে ভাবনাকে বোধ হয় আরও অগ্রসর করা যেতে পারে। সেটি তোলা থাক ভবিষ্যতের জন্য, আপাতত বিস্তৃত আলোচনার সুযোগ নেই। একটি প্রশ্ন দরকারি— এ ধরনের রচনার পূর্ব-দৃষ্টান্ত কি রয়েছে বাংলা সাহিত্যে? মনে পড়ে দুটি নাম। প্রথমত তাঁরই ভ্রাতুষ্পুত্র চিত্রী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথের অনেক রচনাতেই কল্পনার অবাধ প্রবাহ আর অ্যাবসার্ড ভাবনার বিস্তার দেখা যাবে। ভূতপত্রীর দেশ কিংবা বুড়ো আংলায় আমরা এই ধারাটির একটি প্রবাহ দেখি বাংলা সাহিত্যে, যা বিরল। তাঁর সর্বশেষ রচনা খুদ্দুর যাত্রা অ্যাবসার্ডিটির একটি চূড়ান্ত নিদর্শন। এর রচনাকালটিও কৌতূহল জাগায়, খুদ্দুর যাত্রা রচিত হয়েছে ১৯৩৪/৩৫ থেকে ’৪২ সালের মধ্যে, যা রবীন্দ্রনাথের আলোচ্য রচনাগুলোর সময়কালের সঙ্গে প্রায় সম্পূর্ণ মিলে যায়। তাঁরা একে অন্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন কি না বা হয়ে থাকলে কে কাকে প্রভাবিত করেছিলেন এটি আমরা জানি না, জানা বোধ হয় সম্ভবও নয়। অপর নামটি প্রত্যাশিত—সুকুমার রায়। তাঁর আবোলতাবোল, পাগলা দাশু, হযবরল বা খাই খাই বাংলা সাহিত্যের শুধু নয়, বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। আবোলতাবোল-এর ভূমিকায় সুকুমার লিখেছেন: ‘...ইহা খেয়ালরসের বই। সেই রস যাঁহারা উপভোগ করিতে পারেন না এই বই তাঁহাদের জন্য নহে।’ সুকুমার রায় গত হয়েছেন ১৯২৩ সালে, অতএব তাঁর সব রচনাই ওই সালের মধ্যে লেখা। বন্ধুপুত্র সুকুমার ছিলেন রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন, সুকুমারের রচনার সঙ্গে অতএব তাঁর ঘনিষ্ঠ পরিচয় থাকা স্বাভাবিক। অ্যাবসার্ড রচনায় অবশ্য সুকুমার পূর্বসূরি, এ ক্ষেত্রে অবচেতনে হলেও রবীন্দ্র-মানসে তাঁর রচনা কোনো ছায়া ফেলেছিল কি না বলা মুশকিল।সে যে রকমটিই হোক, খাপছাড়া আর সে গ্রন্থে রবীন্দ্রনাথের আপন হাতের অলংকরণ নিয়ে কথা। এখানেও সুকুমার একটুখানি এসে পড়েন। রবীন্দ্রনাথের অনেক আগে নিজের গ্রন্থ অলংকরণ করেছেন সুকুমার রায়, অবশ্য তারও আগে করেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমারের পিতা। এরও আগে দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার তাঁর ঠাকুরমার ঝুলি নিজে চিত্রিত করেছিলেন। তবে এখানে প্রভাব বা প্রেরণার প্রসঙ্গ আসবে না, কারণ, সুকুমার বা উপেন্দ্রকিশোর, এমনকি দক্ষিণারঞ্জনের অঙ্কন-দক্ষতা রবীন্দ্রনাথে নেই, রবীন্দ্রনাথের ছবি সম্পূর্ণ ভিন্ন ঘরানার। ১৯৩৬ সালে খাপছাড়ার অলংকরণ যখন করছেন তখন রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত চিত্রশিল্পী, বিশ্বজোড়া তাঁর পরিচিতি। অন্য কারও দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনাও তাই তেমন নেই বললেই চলে। খাপছাড়ার চিত্রায়ণে দেখি, মূলত ছড়ার বিভিন্ন চরিত্রকে রূপ দেওয়ার প্রয়াস, অর্থাৎ প্রতিকৃতি-ধরনের কাজেরই প্রাধান্য। রবীন্দ্রনাথের পূর্ববর্তী চিত্রাঙ্কন-প্রয়াসের মধ্যে প্রতিকৃতির প্রাচুর্য আমরা লক্ষ করেছি। খাপছাড়ার ছবিগুলোর সঙ্গে এদিক থেকে তাঁর আগের ছবির সম্পর্ক গভীর, তবে কিছু প্রভেদও হয়তো ঠাহর করা যেতে পারে। সাধারণভাবে আগের ছবির প্রতিকৃতিগুলো কোনো নির্দিষ্ট মানুষের বা চরিত্রের নয়, আর খাপছাড়ায় তারা নির্দিষ্ট এবং উদ্ভট ধরনের কাল্পনিক চরিত্রের চিত্ররূপ। তারা কখনো ‘বীরের ছাঁদে আসা বর’, কখনো ‘ক্ষান্তবুড়ি’ কিংবা ‘ধুনিচাঁদ শিরত্থ’, কখনো বা ‘স্ত্রীর বোন’, ‘ম্যালাবারের কন্যা’ কিংবা ‘দাঁয়েদের গিন্নিটি’। এ ধরনের হাস্যকর অদ্ভুত চরিত্রের চেহারা কল্পনায় ধারণ করা ও সার্থকতার সঙ্গে চিত্রিত করা সহজ নয়। রবীন্দ্রনাথ তাঁর সহজাত অঙ্কন-দক্ষতা কিংবা অদক্ষতাকে কাজে লাগিয়ে এদের মুখাবয়ব নিজের মতো করে বানিয়ে নিয়েছেন যা আমাদেরও মোটের ওপর হর্ষোৎফুল্ল করে। ছড়ার সঙ্গে ছবির যে সব সময় খাপে খাপে সম্পর্ক রয়েছে তেমন নয়, তবে ভাবের মজাটি ছবিতে বজায় থাকে। যেমন ক্ষান্তবুড়ির একটি ছবি আছে, চেহারার অভিব্যক্তিটি চমৎকার, কিন্তু পদ্যটি আসলে ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির বোনদের নিয়ে, কিংবা ধুনিচাঁদ শিরত্থ বা ম্যালাবারের কন্যার চেহারার সঙ্গে কর্মকাণ্ডের সম্পর্ক থাকতে পারে, না-ও থাকতে পারে। দাঁয়েদের গিন্নির বেলায়ও এমনটি বলা যায়। তবে গালপাট্টাওয়ালা বর বা স্ত্রীর বোন পদ্যের চরিত্র বুঝে আঁকা, এটি বুঝতে অসুবিধা হয় না। তবে এটি বড় কথা নয়, আঁকিয়ে হিসেবে রবীন্দ্রনাথের পারঙ্গমতাই এখানে বিবেচ্য। খাপছাড়ার সিংহভাগ ছবিই কালিকলমে আঁকা। শিল্পী হিসেবে রবীন্দ্রনাথ যে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তার ছাপ এখানে ফুটেছে—রেখার দার্ঢ্য আর প্রত্যয়ী টানটোনে, মুখের অভিব্যক্তির নিশ্চিতিতে। এখানেও রবীন্দ্রচিত্রের বিশেষ বৈশিষ্ট্যটি রয়েছে—রেখার ঊর্ণনাভ-জালের বিস্তারে রচিত আলোর বিপরীতে আঁধারের ঘনত্ব আর ত্রিমাত্রিকতার খানিক আভাস। সে-কে বলা চলে রবীন্দ্রনাথের এ ধরনের সৃষ্টির সেরা নিদর্শন, কি লেখায়, কি রেখায়। সে নামের এক কাল্পনিক মানুষকে ঘিরে দাদা-নাতনির কল্প-গল্প ডানা বিস্তার করতে থাকে, ক্রমশ আরও নানান চরিত্রও এসে যোগ দেয়। মাঝেমাঝে অন্য আরও গল্প এসে হানা দিলেও নাতনিকে বলা দাদামশায়ের গল্পে সে নামের চরিত্রটি এই লেখাটিকে দেয় এক নতুন মাত্রা। ৭৬ বছরেও রবীন্দ্রনাথের কল্পনাশক্তি, কৌতুকবোধ আর ভাষার চাতুর্য যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তার অসাধারণ প্রকাশ ঘটেছে এতে। চিত্রাঙ্কন বা বইয়ের অলংকরণের দিক থেকে বিবেচনা করলেও সে-র স্থান হওয়া উচিত প্রথম সারিতে। সে-র জন্য রবীন্দ্রনাথ প্রচুর ছবি এঁকেছেন, কখনো কখনো কলমের একক রেখায়, কখনো রেখার জালের বুনটে, কখনো কালি বা রং জলে গুলে বিভিন্ন মাত্রার ছায়ে ত্রিমাত্রিকতার আভাস এনে, কখনো প্যাস্টেলে। তবে তার চেয়ে বড় কথা, এখানে গল্পের চরিত্রদের মোটেমাটে প্রায় হুবহু অঙ্কনের প্রয়াস রয়েছে। পরিচিত মানুষের পাশাপাশি গল্পে ভিড় করে আসা অদ্ভুতুড়ে সব চরিত্র আর পশুপাখি দারুণ দক্ষতা আর রসবোধের মিশেল দিয়ে এখানে এঁকেছেন শিল্পী। শুধু কি তাই, সে বইয়ের ছবিগুলো শিল্পমূল্যেও কম যায় কিসে? এটি রবীন্দ্রনাথও বুঝেছিলেন। নইলে সে বইয়ের প্রকাশনাকালে প্রকাশক ছবিগুলো বইতে সন্নিবেশ না করায় আর ছবিগুলো তাঁকে ফেরত না দেওয়ার নানা ফন্দি আঁটতে থাকায় তাঁর হতাশা, অভিমান, রাগ, অস্থিরতা যে কি চরম আকার ধারণ করেছিল, তার প্রমাণ রয়েছে বইটি ছাপানোর দায়িত্বপ্রাপ্ত কিশোরীমোহন সাঁতরাকে লেখা নিচের চিঠিগুলোতে: ২৬ বৈশাখ ১৩৪৪ লিখছেন: ‘সে পেয়েছি। বইখানি যে ছবিগুলি থেকে বঞ্চিত হয়েছে তার জন্যে দুঃখ বোধ করি। ফোটোটাইপ কোম্পানির এরকম অভাবনীয় অব্যবস্থা অসীম বিস্ময়ের বিষয়। আমার দোহাই দিয়ে ধর্ম্মের দোহাই দিয়ে যেমন করে পারো ঐ ছবিগুলিকে বইয়ের অন্তর্ভূক্ত করে তার পরে বাজারে বের কোরো—সে জন্যে যদি জুলাই ছাড়িয়ে যায় তবু অপেক্ষা কোরো।’ পরের দিনই অস্থির চিত্তে আবার লিখছেন: ‘সে সম্বন্ধে কাল তোমাকে লিখেছি। যতদিন না ছবি পাই প্রকাশ কোরো না। পৌষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি।’ কয়েক দিন পর ২০ মে ১৯৩৭ লিখছেন: ‘ভারত ফোটোটাইপকে জানিয়ে দিও যতদিন না ছবি পাব তত দিন বই বন্ধ থাকবে। ২৬ মে লিখছেন: ছবিগুলি বুবা লুকিয়ে রেখেছে এই সন্দেহ বরাবর আমার মনে আছে। সে আমার মৃত্যুর অপেক্ষা করবে। আমার স্বদেশীয় অনেক বন্ধুর সততার পরিচয় পেয়েছি,...ঘৃণা হয়।’ রবীন্দ্রনাথের সন্দেহ অমূলকও হতে পারে, তবে এটুকু বুঝতে অসুবিধা হয় না যে ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে তাঁর মধ্যে কী পরিমাণ আবেগ ও উদ্বেগ বিরাজ করছিল। নিজের আঁকা অন্য কোনো ছবির পরিণতি নিয়ে তাঁকে এতটা উদ্বেলিত হতে দেখা যায় না। সে-র ছবিতেই আমরা প্রথম রবীন্দ্রনাথের চিত্রপ্রয়াসের কিছু নতুন মাত্রা লক্ষ করি। এই প্রথম দেখি হামাগুড়ি দেওয়া মানুষ, তা-ও আবার পরিপ্রেক্ষিতের জটিল ফোরশর্টেনিং-এ তাকে ধরার চেষ্টা। পাশের বাঁশগাছও বেশ বাস্তবসম্মতভাবেই আঁকা। জলে পড়ে যাওয়া ঊর্ধ্বমুখী-পা মানুষ আর ঘাটের সিঁড়িও বেশ বাস্তবমতো। সার্কাসের বাঘ বা খেঁকশিয়ালির বেলায়ও এ কথা খাটে, দারুণ কটি গতিশীল রেখায় আঁকা। স্বল্পতম রেখায় ধরা খরগোশটি তো এতটাই বাস্তবধর্মী, রবীন্দ্রনাথের আঁকা ছবি বলে বিশ্বাস হতে চায় না। এসবের পরে বলতে হয় মানুষের মুখের আদল ও অভিব্যক্তির কথা। এ বিষয়ে রবীন্দ্রনাথের পারদর্শিতা আমরা আগেও লক্ষ করেছি, তবু মনে হয় সে-তে এসে যেন এ ক্ষেত্রে রবীন্দ্র-প্রতিভা পরিপূর্ণতা পেয়েছে। উদাহরণ বহু দেওয়া যাবে— ‘সে’, ‘পাল্লারাম’, ‘স্মৃতিরত্নমশায়’, ‘ম্যুজিয়মের দারোয়ান’, ‘পাতুখুড়োর গিন্নি’, ‘হৈ রে হৈ মারহাট্টা’, ‘মাস্টারমশায়’—কাকে ছেড়ে কার কথা বলা যায়। চেহারা-হারা সে-র ছবি দেখে শিল্পীর কল্পনার বাহাদুরিকে বাহবা না দিয়ে পারা যায় না। একক রেখায় আঁকা ‘ঘণ্টাকর্ণ’, ‘ছত্রপতি’, ‘ঝগড়ু’, ‘বিশ্রীমুখ’ কিংবা রেখার বেড়াজালে ধরা ‘গেছোবাবা’, ‘গাণ্ডিসাঙডুং’ কল্পনায় যেমন অনন্য, তেমনি শিল্পীর হাতে চিত্রিত হয়েছে অপূর্ব পারদর্শিতায়। এমনটি বলা যেতে পারে যে রবীন্দ্রনাথের রেখাঙ্কন-দক্ষতার সেরা নিদর্শন ধরা আছে সে নামের অকিঞ্চিৎকর বইটির পাতায়, যা অনেক সময়ই চিত্র-রসিকের দৃষ্টি আকর্ষণ করেনি। সাতষট্টি বছর বয়সে তাঁর চিত্র-প্রতিভার যে বিস্ফোরণ বিস্মিত-অভিভূত করেছিল বিশ্বশিল্পের জগৎকে, জীবনের একেবারে অন্তিমলগ্নে এসে রবীন্দ্রনাথ সে প্রতিভার সর্বোচ্চ পরিণত রূপ রেখে গেছেন খাপছাড়া ও সে-র পাতায় অলংকরণের মধ্য দিয়ে। রবীন্দ্র-প্রতিভার বহু বিচিত্র বিকাশের কিছু কিছু এখনো আমাদের বিবেচনার বাইরে রয়ে গেছে। যাকে আমরা বলি গ্রাফিক আর্ট, অর্থাৎ মুদ্রণের সঙ্গে সম্পর্কিত শিল্প, সে জগতেও যে রবীন্দ্রনাথের সর্বস্পর্শী মনীষা তার ছাপ রেখে গেছে, সেটি আমরা সামান্যই লক্ষ করেছি। সে পরিচয়টি রয়েছে বিশ্বভারতী প্রকাশিত গ্রন্থমালার চেহারায় আর সে-খাপছাড়ার মতো বইয়ে তাঁর নিজের করা অলংকরণের সৃজনশীল দ্যুতিতে। ভবিষ্যতে এ নিয়ে আরও আলোকপাত যোগ্যজন করবেন, এ প্রত্যাশা থাকল।৩০ এপ্রিল ২০১১ আবুল মনসুর: অধ্যাপক, চিত্রসমালোচক