খাবার খেয়ে ভৈরবে একই পরিবারের সাত সদস্য অচেতন
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল রাতের খাবার খেয়ে একই পরিবারের সাতজন সদস্য অচেতন হয়ে পড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে আজ শুক্রবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তারা হলো ছাদেক মিয়া (২৮), শরিফা বেগম (২৭), সাহিদা বেগম (২৪), শিখা নূর (১৬), শাহজাহান মিয়া (৭), সাফিয়া বেগম (৫০) ও ইমরান মিয়া (৩)।ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের রইছ মিয়ার পরিবারের সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তাদের মধ্যে সাতজন সকাল ১০টার পরও ঘুম থেকে জাগছিল না। অনেক ডাকাডাকির পর কয়েকজন চোখ মেলে তাকালেও দাঁড়াতে পারছিল না। পরিবারের সুস্থ সদস্য সালমা বেগম (২৫) বলেন, যারা বেগুনের তরকারি দিয়ে ভাত খেয়েছিল, তারা অচেতন হয়েছে। যারা খায়নি তারা সুস্থ ও স্বাভাবিক আছে। কারা এই কাজ করে থাকতে পারে ধারণা করতে না পারলেও তিনি বলেন, অসত্ উদ্দেশ্যে কেউ এমনটা করতে পারে।ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা সহকারী মজিবুর রহমান বলেন, ‘আমাদের ধারণা, তরকারির সঙ্গে অচেতন করার ওষুধ মেশানো ছিল। ওই খাবার খাওয়ার পর তাঁরা অচেতন ও অসুস্থ হয়ে পড়ে। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’