খাবার না পেয়ে আগুন দিল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহী সরকারি শিশু সদনের শিশুরা খাবার না পেয়ে আজ শুক্রবার সেখানকার লাকড়ির স্তূপে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছে। এ ব্যাপারে সদনের সভাপতি রাজশাহীর জেলা প্রশাসক তদন্ত কমিটি করে এক দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।সদনের শিশুরা জানায়, বর্তমানে এই শিশু সদনে ১০৭ জন শিশু রয়েছে। কয়েক দিন ধরে কর্তৃপক্ষ তাদের অনিয়মিতভাবে খাবার পরিবেশন করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের খাবার বিকেল পাঁচটায় দেওয়া হয়। আজ বিকেল চারটা বেজে গেলেও তাদের দুপুরের খাবার দেওয়া হয়নি। খাবার না পেয়ে সদনের ছোট শিশুরা কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে শিশুদের কয়েকজন গিয়ে সদনের লাকড়ির স্তূপে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।বিকেলে রাজশাহীর পবা উপজেলার বায়ায় অবস্থিত ওই শিশু সদনে গিয়ে দেখা যায়, সদনের মাঠে শিশুরা হইচই করছে। তারা জানায়, তাদের বাসি-পচা খাবার দেওয়া হয়। পচা আলুর তরকারি দেওয়া হয়। নিয়মিত খাবার দেওয়া হয় না। এসব ব্যাপারে সদনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক তৌহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে চাননি।সদনের সভাপতি রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবরটি শুনে তিনি খুব অবাক হয়েছেন। সমাজসেবার রাজশাহীর উপপরিচালককে বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করে আগামীকাল শনিবারের মধ্যে তাঁর (জেলা প্রশাসক) কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।