খাবার না পেয়ে ছাত্রলীগের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে খাবারের আয়োজন করা হয়। কিন্তু সেই খাবার কম পড়ায় কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষসহ অন্তত পাঁচটি কক্ষের জানালা ভাঙচুর করেন।কলেজ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শিক্ষক, ছাত্রনেতা ও শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জনের জন্য খাবারের আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করে। সকালে বিজয় দিবসের শোভাযাত্রা ও পরে জেলার কেন্দ্রীয় স্মৃতিফলকে ফুল দেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে ফেরেন। এর কিছুক্ষণ পর কলেজ ক্যাম্পাসে খাওয়া-দাওয়া শুরু হয়। খাওয়া-দাওয়ার একপর্যায়ে সকাল ১০টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী রাজু আহমেদসহ ৪০-৫০ জন নেতা-কর্মী কলেজে যান। তাঁদের খাবার পরিবেশনের সময় কয়েকজনের কম পড়ে। এ নিয়ে কয়েকজন শিক্ষকের সঙ্গে নেতা-কর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এর পরপরই ছাত্রলীগ নেতা রাজুসহ আরও ১৫-২০ জন ইটপাটকেল নিয়ে হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষসহ কলেজ কার্যালয়, ছাত্রী বিশ্রামাগার ও কলেজ মিলনায়তনের অন্তত পাঁচটি কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় তাঁরা অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষককে গালি-গালাজ ও বকাঝকাও করেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ মো. ইন্তাজ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, বিজয় দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রনেতাসহ তিন শতাধিক লোকের জন্য খিচুড়ি রান্না করা হয়। কিন্তু ছাত্রলীগের অতিরিক্ত নেতা-কর্মী আসায় খাবারের স্বল্পতা দেখা দেয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে কলেজের জানালার কাচ ভাঙচুর করেন।তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা রাজু আহমেদ বলেন, ‘বিজয় দিবস উদযাপন শেষে শিক্ষকেরা ছাত্রাবাসের শিক্ষার্থীদের খাওয়া-দাওয়ার জন্য ক্যাম্পাসে আসতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা খাবার খেতে গিয়ে দেখে, খাবার শেষ। বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে গেলে তিনি শিক্ষার্থীদের অপমান করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কলেজে ভাঙচুর চালায়। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন।’জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বলেন, কলেজে ভাঙচুরের ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’