খাবার নিয়ে ছাত্রলীগের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে খাবার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আজ রোববার মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হন। এ সময় প্রেসক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রেসক্লাব সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের আয়োজনে আজ রোববার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ‘বাংলা ও বাঙালির হৃদয়ে লেখা নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক একটি সেমিনার ছিল। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর।অনুষ্ঠানে ঢাকা কলেজ থেকে ছাত্রলীগের অনেক কর্মী যোগ দেন। বিকেলে সাড়ে পাঁচটার দিকে অনুষ্ঠান শেষ হয়। এ সময় খাবারের বণ্টন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পরিষদের সাত-আটজন আহত হন। ছাত্রলীগের কর্মীরা এ সময় প্রেসক্লাবে হামলা চালালে জুয়েল, রনি ও সোহেল নামে প্রেসক্লাবের তিন কর্মচারী আহত হন। এরপর সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা কলেজের ছাত্রলীগের আরেক দল কর্মী প্রেসক্লাব এলাকায় মহড়া শুরু করেন।অনুষ্ঠানের আয়োজক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম এস চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনুষ্ঠান শেষে হঠাত্ করেই দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের থামাই। কিন্তু তারা কারা ছিল, তাদের কাউকে চিনতে পারিনি।’তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই জানিয়েছেন, মারামারির সময় ঢাকা কলেজের প্রচার সম্পাদক মানিক মাহমুদ ও পরিবেশবিষয়ক সম্পাদক আল মামুন সরকারের কর্মীরা উপস্থিত ছিলেন। তবে তাঁরা দুজনই ঘটনার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেছেন, তাঁদের কোনো কর্মী বা তাঁরা ঘটনাস্থলে ছিলেন না।