বঙ্গবাজারে দমকল বাহিনীর সদর দপ্তর ঘেঁষে যে সড়কটি পুরান ঢাকার একেবারে ভেতরে চলে গেছে, সেটি কাজী আলাউদ্দিন রোড। রোডটি গিয়ে ঠেকেছে বংশাল পুরান চৌরাস্তায়। এ পথ দিয়ে চলতে গেলে লোভনীয় সব খাবারের গন্ধ নাকে আসে। হাজির বিরিয়ানি, হানিফের বিরিয়ানি, মামুনের বিরিয়ানি, বিসমিল্লাহ কাবাবসহ আরও হরেক পদের খাবারের সন্ধান পেতে হলে আসতে হবে পুরান ঢাকার এই গলিতে। এলাকাটি চিনতে হলে চোখ খোলা থাকুক আর না-ই থাকুক, নাকটা খোলা রাখলেই চলবে। খাবারের এই গলি ঘুরে বাহারি সব খাবারের সন্ধান এনেছেন আজহার হোসেনহাজির বিরিয়ানিকাজী আলাউদ্দিন রোডের ৭০ নম্বর হোল্ডিংয়ের ছোট্ট একটি দোকানঘর ঘিরে সকাল-বিকেল থাকে মানুষের জটলা। কারণ, এই দোকানটিই ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানির দোকান। কোনো সাইনবোর্ড না থাকলেও দোকানটি চিনে নিতে কষ্ট হয় না। দোকানে ঢুকতে সবার আগে চোখে পড়ে বড় বড় পাতিল থেকে বিরিয়ানি প্লেটে বেড়ে পরিবেশন করার দৃশ্য। আর এর পরই চোখ পড়বে দোকানের ভেতরের ভিড় আর হল্লার দিকে। বিরিয়ানি চেখে দেখার জন্য একেকটা চেয়ারের পেছনে দাঁড়িয়ে থাকেন আরও একজন। এভাবেই পালা করে খেতে বসতে হয় এখানে। ঢাকাইয়া এই বিরিয়ানির স্বাদ পেতে হলে আসতে হবে আগে আগে।খাসির মাংসের এই বিরিয়ানি প্রতি প্লেটের দাম ১৩০ টাকা। ভোর ছয়টা থেকে নয়টার মধ্যে বিরিয়ানি বিক্রি হয়। আবার দোকান খোলে বিকেলে আসরের নামাজের পর। যারা বাড়িতে বসে খেতে চায়, তাদের জন্য আছে কাঁঠালপাতার ঠোঙা। এই ঠোঙায় ভরে বিরিয়ানি নেওয়া যাবে বাড়িতে।দোকানের ব্যবস্থাপক জানান, হাজির বিরিয়ানির বয়স প্রায় ৫৫ বছর। এর প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ হোসেন। বর্তমানে মোহাম্মদ হোসেনের তৃতীয় পুরুষ ব্যবসার হাল ধরেছে। সম্প্রতি হাজির বিরিয়ানির একটি শাখা খোলা হয়েছে মতিঝিলের অফিসপাড়ায়।হানিফের বিরিয়ানিসিদ্দিকবাজার কমিউনিটি সেন্টারের ঠিক পাশেই দেখা মিলবে হানিফ বিরিয়ানির। সেখানে উঁচু প্লাটফর্মের ওপর বড় পাতিলে রাখা রয়েছে হানিফ বিরিয়ানি। একঝলক দেখে যে কারোরই খাওয়ার ইচ্ছে জাগবে। সারি সারি চেয়ার পাতা রয়েছে সেখানে। হাতমুখ ধুয়ে বসে পড়তেই হাজির হবে বিরিয়ানির প্লেট।হানিফের বিরিয়ানি রান্না হয় খাসির মাংস দিয়ে। ভাগ্য ভালো থাকলে খাসির মজ্জাভর্তি এক-আধটা হাড় জুটে যেতে পারে প্লেটে। প্রতি প্লেট বিরিয়ানি ১৩০ টাকা। হাফপ্লেট মিলবে ৬৫ টাকায়। আর ঘরোয়া কোনো অনুষ্ঠানে এখান থেকে খাবার নিতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে। খাবারের ফরমায়েশ দিতে হলে আসতে হবে ৩০ নম্বর কাজী আলাউদ্দিন রোডে। বিসমিল্লাহ কাবাব ঘরনাজিরাবাজার চৌরাস্তা পেরিয়ে শুলশুধা জামে মসজিদের ঠিক উল্টো দিকেই বিসমিল্লাহ কাবাব ঘরটি। বিকেল পাঁচটা থেকে এখানে মিলবে কাবাবের নানা পদ। দোকান খোলা থাকা সময়টায় কাবাবের গন্ধে ম-ম করে পুরো এলাকাটি। এই দোকানের বয়স প্রায় ২০ বছর।দোকানের মালিক মো. হাবিবুর রহমান জানান, এখানে মিলবে প্রায় ১০ পদের খাবার। টিকা কাবাব প্রতি পিস চার টাকা, জালি কাবাব প্রতি পিস ১০ টাকা, গরুর চাপ প্রতি পিস ৪০ টাকা, গরুর বটি কাবাব ৯০ টাকা, খাসির গুর্দা কাবাব ১৪০ টাকা, খাসির ক্ষিরি কাবাব ১০০ টাকা, খাসির চাপ ৫০ টাকা, মুরগির চাপ ৬০ টাকা, মুরগির গিলা-কলিজার কাবাব ৬০ টাকায় মিলবে। আর এগুলো খাওয়ার জন্য রয়েছে দুই পদের পরোটা। স্পেশাল পরোটার দাম পাঁচ টাকা আর সাধারণটা তিন টাকা। আরও রয়েছে বিসমিল্লাহ কাবাব ঘরের নিজস্ব খাবার সালাদের টক। পেঁপে, পেঁয়াজ, মরিচ আর তেঁতুল দিয়ে বানানো এই টক পাওয়া যাবে বিনা মূল্যে। দোকানে বসে আর বাসায় নিয়ে গিয়ে—দুইভাবেই খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে কেউ চাইলে ফরমায়েশ দিয়ে কাবাব নিতে পারেন। এ জন্য যোগাযোগ করতে হবে ২৭/এ কাজী আলাউদ্দিন রোডের বিসমিল্লাহ কাবাব ঘরের ঠিকানায়।মামুন বিরিয়ানিমামুন বিরিয়ানির যাত্রা শুরু হয় নাজিমুদ্দীন রোডে। কিন্তু মামুন বিরিয়ানি খ্যাতি পায় নাজিরাবাজার চৌরাস্তায় শাখা খোলার পরে। শুরুতে ২৪ টাকা প্লেট বিরিয়ানি বেচে নিজের একটা পোক্ত অবস্থান করে নেন মালিক মো. মামুন আহমেদ। সেটা বছর দশেক আগের কথা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রথম দিকে শুধু গরুর মাংসের বিরিয়ানি বেচলেও এখন মামুন বিরিয়ানিতে মিলবে পাঁচ পদের বিরিয়ানি। এক প্লেট গরুর কাচ্চি বিরিয়ানি মিলবে ৯০ টাকায়। খাসির কাচ্চি বিরিয়ানি ১২০ টাকা প্লেট, আস্ত মোরগ মোসাল্লাম ১৮০ টাকা প্লেট, গরুর তেহারি ৭০ টাকা প্লেট, ডিম পোলাও ৬০ টাকা প্লেট, গরুর রেজালা ৪৫ টাকা বাটি আর ফিরনির বাটি ১৫ টাকা।এ ছাড়া প্রতি মাসের ৪ তারিখে আস্ত মোরগ মোসাল্লাম দিয়ে বানানো বিশেষ প্যাকেজ মিলবে ২২০ টাকায়। নাজিরাবাজার চৌরাস্তায় রয়েছে মামুন বিরিয়ানির তিনটি শাখা। এসব দোকানে দিনের পুরোটা সময় পাওয়া যায় বিরিয়ানি। ওয়ান স্টার হোটেল অ্যান্ড রেস্তোরাঁদমকল বাহিনী সদর দপ্তরের ঠিক উল্টো দিকেই ৫৪/৫৫ কাজী আলাউদ্দিন রোডে ওয়ান স্টার হোটেল অ্যান্ড রেস্তোরাঁর অবস্থান। এটি পুরান ঢাকার আর দশটা রেস্তোরাঁর মতো নয়। ছিমছাম পরিপাটি করে সাজানো এটি। ভালো পরিবেশে গল্পগুজব করে যারা ঢাকাই খানা খেতে চায়, তাদের জন্য এটা উপযুক্ত জায়গা। ওয়ান স্টার হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় মিলবে দিনের তিন বেলার খাবার। সকালে নাশতার সঙ্গে পাওয়া যায় কাচ্চি বিরিয়ানি। এখানকার কাচ্চি বিরিয়ানি ফুল প্লেট ১৭০ টাকা। তবে টিকা, ডিমসহ কাচ্চি বিরিয়ানি খেতে হলে গুনতে হবে ১৯০ টাকা।এ রেস্তোরাঁয় মুরগি মোসাল্লাম রান্না হয় বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত। আস্ত একটা মুরগি মোসাল্লামের দাম ১৮০ টাকা। ওয়ান স্টার হোটেলের নিজস্ব একটি পদ হলো খাসির লেগরোস্ট। এটির প্রতি পিস ১২০ টাকা। এ ছাড়া এখানে খাবারের পর মিষ্টান্ন হিসেবে ফালুদা, লাচ্ছি ও ফিরনি পাওয়া যায়। বাদাম, দুধ আর ফল দিয়ে বানানো এক বাটি ফালুদার দাম ৩৫ টাকা।আরও যত খাবার দোকাননাজিরাবাজার চৌরাস্তা ঘিরে আরও রয়েছে বেশ কিছু খাবারের দোকান। এগুলো হলো তাইয়্যেবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বি.বাড়িয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নাজিরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এ হোটেলগুলোতে পরোটা, ভুনা মাংস, ডালভাজি পাওয়া যায় সারা দিন। সন্ধ্যার পর মিলবে সাধারণ পুরি, কিমাপুরি আর মোগলাই পরোটা। তন্দুর রুটি, কলিজা ভুনা, শিক কাবাব খেতে হলে আসতে হবে রাতে।এ ছাড়া কাজী আলাউদ্দিন রোডের এই পথটুকুতে আছে হাশেম সুইটমিট ও রয়েল সুইটমিট। দুটো দোকানেই নানা পদের মিষ্টি পাওয়া যাবে। তবে স্পেশাল মনসুর মিঠাই খেতে হলে রয়েল সুইটমিটে যোগাযোগ করা যেতে পারে। বিভিন্ন পদের মিষ্টি, নিমকি আর জিলাপির স্পেশাল প্যাকেট পাওয়া যাবে ১৫ থেকে ৬০ টাকার মধ্যে। এত সব খাবারের পাশাপাশি এখানে রয়েছে একটি ফলের দোকানও। প্রায় ২০ বছর ধরে নানা পদের দেশি ফলমূল নিয়ে বসছেন মো. ফারুখ। মৌসুমি ফলের ঝুড়িগুলোর পাশে নানা অচেনা দেশি ফলও পাওয়া যায় এখানে। মাখনা, আমলকী, জলপাই, আমড়া, পানিফল, শিঙাড়া ফল, পেয়ারা, বোম্বাই মরিচ, কাঁচা-পাকা তেঁতুলসহ প্রায় সব দেশি ফল পাওয়া যাবে ফারুখের দোকানে।