খামারবাড়িতে পশুসম্পদ ভবনে কর্মকর্তাদের মধ্যে মারামারি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটের পশুসম্পদ ভবনে পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষে মারামারি হয়েছে। এতে মহাপরিচালকসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার জন্য বিসিএস লাইভস্টক অ্যাসোসিয়েশনের জয়ী ও পরাজিত ব্যক্তিরা পরস্পরকে দায়ী করেছেন।বিসিএস লাইভস্টক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম ও মহাসচিব সরদার আবুল বাশার এক বিবৃতিতে জানান, আজ বিকেলে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে তাঁরা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের কক্ষে যান। এ সময় তাঁরা কর্মকর্তাদের সিলেকশন গ্রেড, পদোন্নতি, শূন্যপদ পূরণসহ নানা বিষয়ে ব্যবস্থা নিতে মহাপরিচালককে অনুরোধ জানান। কিন্তু মহাপরিচালক এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সবাইকে গালিগালাজ শুরু করেন। এর পরই মহাপরিচালকের অনুসারী এবং নির্বাচনে পরাজিত মোতাহার হোসেন, আনিসুর রহমান, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ কয়েকজন কর্মকর্তা তাঁদের ওপর হামলা চালান। এতে আবুল বাশার ও নজরুল ইসলাম আহত হন। এ সময় সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিষয়টি জানতে মহাপরিচালক হাবিবুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, শহীদুল ইসলাম, এমরান খান, আবদুল কুদ্দুস, আশ্রাফ আলীসহ কয়েকজন কর্মকর্তা বিকেলে তাঁর কক্ষে আসেন। তাঁরা দুর্নীতির অভিযোগে পদোন্নতি হয়নি—এমন কয়েকজন কর্মকর্তার বিষয়ে কথা বলেন। এ সময় তাঁদের কাছে লিখিতভাবে এ বিষয়ের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। মহাপরিচালক বলেন, ‘এর পর হঠাত্ করেই তারা হামলা চালিয়ে আমাকে আহত করে এবং কক্ষ ভাঙচুর শুরু করে। আমি এ ব্যাপারে থানায় জিডি করেছি।’তবে শহীদুল ইসলাম এ অভিযোগকে মিথ্যা উল্লেখ করে জানান, নির্বাচনে পরাজিত মহাপরিচালকের অনুসারীরা হামলা চালান। তাঁরাই কক্ষ ভাঙচুর করে অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।