খামিসের মৃত্যুর খবর নাকচ করেছে লিবিয়া সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোর বিমান হামলায় দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে খামিস গাদ্দাফি নিহত হওয়ার খবর নাকচ করে দিয়েছে লিবিয়া সরকার। গতকাল শুক্রবার পশ্চিমাঞ্চলীয় জিতান শহরে বিমান হামলায় খামিস নিহত হওয়ার দাবি করেছিল বিদ্রোহীরা।বিদ্রোহীদের দাবি প্রত্যাখ্যান করে গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহীম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জিতান শহরে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি আড়াল করতে খামিস নিহত খবর প্রচার করা হচ্ছে। তিনি বলেন, ‘এটা মিথ্যা খবর। জিতান শহরে তাদের অপরাধ এবং আল মারাবিত পরিবারের লোকদের হত্যার বিষয়টি আড়াল করতে খামিস নিহত হওয়ার খবর হচ্ছে নোংরা কূটচাল। জিতানে হত্যাকাণ্ড আড়াল করতে তারা খামিস সম্পর্কিত সংবাদ আবিষ্কার করেছে।’ বিদ্রোহীদের এক মুখপাত্র গতকাল দাবি করেন, গত বৃহস্পতিবার রাতে জিতান শহরে গাদ্দাফির অপারেশন কক্ষ লক্ষ্য করে ন্যাটো বাহিনীর হামলায় খামিসসহ গাদ্দাফির অনুগত ৩২ সেনা নিহত হয়।তবে ন্যাটো জানিয়েছে, খামিস নিহত হওয়ার ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। কারণ লিবিয়ায় স্থলভাগে তাদের কোনো লোকবল নেই। তবে বিষয়টি তারা খতিয়ে দেখছে।রাশিয়ার মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত খামিস লিবিয়ার ৩২তম ব্রিগেডের প্রধান ছিলেন। এই ব্রিগেডটি গাদ্দাফির সবচেয়ে অনুগত এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও শক্তিশালী।