খাম্বা বসিয়ে হাজার কোটি টাকা লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাম্বা বসানোর নামে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদ্যুৎ সমস্যা নিয়ে তাদের মুখে সমালোচনা মানায় না। এ সমস্যা সমাধানে বর্তমান সরকার যখন প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, তখন গ্যাস-বিদ্যুতের দোহাই দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।গতকাল রোববার কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দিতে ৫০ মেগাওয়াট দাউদকান্দি পিকিং বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা কমপ্লেক্স মাঠে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বলেন, আওয়ামী লীগের আমলে কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সাক্ষরতার হার বেড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। বিদ্যুৎ খাতে অগ্রগতি হচ্ছে। আর বিএনপির শাসনামলে দেশে লুটপাট, দুর্নীতি আর অর্থ পাচার করা হয়েছে। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস করে দেশকে ভিক্ষুকের জাতি বানিয়েছে। প্রতিটি ক্ষেত্রে চরম ব্যর্থতা দেখিয়েছে।শেখ হাসিনা বলেন, ‘জানি, বিদ্যুতের সমস্যা রয়েছে। তবে সরকার ৩০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে। ইতিমধ্যে তিনটি বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হয়েছে। আরও ১০টি কেন্দ্র নির্মাণে কার্যাদেশ দেওয়া হয়েছে। এসব কেন্দ্র নির্মিত হলে ২০১৩ সালের মধ্যে অতিরিক্ত সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ডিসেম্বরে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে।’প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে দেশে এক ফোঁটা বিদ্যুৎ বাড়েনি। আওয়ামী লীগ ওই অবস্থা থেকে দেশকে মুক্তি দিতে চায়। বিরোধীদলীয় নেত্রী ও তাঁর সন্তানের সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী ম্যাট্রিক পরীক্ষায় অংশ নিয়ে শুধু উর্দু আর অঙ্কে পাস করেছেন। তাঁর ছেলে স্কুল-কলেজ পর্যায়ে বহিষ্কৃত হয়েছে। একজন স্বশিক্ষিত আর অন্যজন বহিষ্কৃত, এমন নেতৃত্ব বাংলার মানুষ চায় না।’শেখ হাসিনা আরও বলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যুর পর সব আশা-আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে। সব হারিয়ে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করেছি। জাতীয় চার নেতা হত্যা মামলার বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে। অন্যায় ও অবিচারের হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে কৃষকবান্ধব সংগঠন আখ্যায়িত করে বলেন, ‘আমরা সরকারে থাকাবস্থায় সারের দাম তিন দফায় কমিয়েছি। দেশের এক কোটি ৮২ লাখ কৃষককে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছি। অথচ বিএনপির শাসনামলে সারের জন্য ১৮ কৃষক প্রাণ দিয়েছেন।’ তিনি বলেন, মানুষের পেটে ভাত থাকলে চুরিচামারি এমনিতে বন্ধ হয়ে যাবে।প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে রূপান্তর, নতুন রেললাইন সংযোগ, তিতাস উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দি এলাকায় নতুন সেতু নির্মাণ, আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, তিতাস নদীর বাঁধ তৈরি, তিতাস ও মেঘনা নদী খনন, হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজকে এমপিওভুক্ত করা, মেঘনা ও কাঁঠালিয়া নদীতে বেড়িবাঁধ এবং মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কুমিল্লার মেঘনা উপজেলা সড়কের মধ্যে তিনটি সেতু নির্মাণের আশ্বাস দেন।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী এনামুল হক, সাংসদ সুবিদ আলী ভূঁইয়া ও আলী আশরাফ, হুইপ মুজিবুল হক, সাংসদ আ ক ম বাহাউদ্দিন, মহিলা সাংসদ জোবেদা খাতুন ও উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও সদস্য বাদল রায়।এর আগে প্রধানমন্ত্রী তিতাস উপজেলার শোলাকান্দি চক এলাকায় দাউদকান্দি ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের (পিকিং পাওয়ার প্লান্ট) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৫৭৫ কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্র নির্মিত হবে। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে তিতাসে আসেন।