খায়রুজ্জামানকে মিষ্টিমুখ করালেন মোসাদ্দেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি নির্বাচনে জয়ের এক দিন পরই রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে মিষ্টিমুখ করিয়েছেন নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন। এ সময় আধুনিক রাজশাহী গড়তে সাবেক মেয়রের সহযোগিতা কামনা করেন মোসাদ্দেক।আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে রাজশাহী নগরের উপশহরে খায়রুজ্জামানের বাসায় মিষ্টি নিয়ে যান মোসাদ্দেক হোসেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী রেবেকা সুলতানা ও দলীয় নেতা-কর্মীরা ছিলেন।মোসাদ্দেক হোসেন বলেন, ‘দুই ভাই মিলে একসঙ্গে রাজশাহী গড়ব।’ এ সময় খায়রুজ্জামান বলেন, ‘আমি চার-পাঁচটা প্রকল্প রেখে এসেছি। রাজশাহীর স্বার্থে সেগুলো শেষ করবেন।’মোসাদ্দেকের স্ত্রী রেবেকা সুলতানা খায়রুজ্জামানের স্ত্রী শাহিন আক্তারকে এ সময় মিষ্টি খাওয়ান। তিনি বলেন, ‘আমি আমার বড় বোনকে মিষ্টি খাওয়াব।’ এ সময় শাহিন আক্তার নবনির্বাচিত মেয়রকে বলেন, ‘রাজশাহীর নারীদের জন্য কাজ করবেন।’ খায়রুজ্জামানের বাসায় গিয়ে এ এইচ এম কামরুজ্জামানের স্ত্রী শহীদজায়া জাহানারা জামানের পা ছুঁয়ে সালাম করেন মোসাদ্দেক হোসেন। সাংবাদিকদের উপস্থিতিতে খায়রুজ্জামান বলেন, ‘আমরা পরাজয়কে স্বীকার করে একসঙ্গে কাজ করতে পারি। সারা দেশের প্রেক্ষিত যা-ই হোক, এটা রাজশাহীর ঐতিহ্য।’ মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমি আমার বড় ভাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে রাজশাহীর উন্নয়নে কাজ করব।’ রাজশাহীর সাবেক ও বর্তমান দুই মেয়রের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সবাই মুগ্ধ। এর আগে গতকাল শনিবার ভোটের দিন দুই প্রার্থী একই কেন্দ্রে ভোট দেন। সে সময়ও তাঁরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।