খায়রুজ্জামানের ধ্বংস চাইলেন হেফাজত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী মোসাদ্দেক হোসেনের প্রতি একাত্মতা ঘোষণার জন্য জেলা ১৮-দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।আজ বুধবার নগরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়। এতে জেলা হেফাজতে ইসলামের মহাসচিব মোনাজাতে রাজশাহী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের ধ্বংস চান। সংবাদ সম্মেলনের শুরুতে হেফাজতের একটি পুস্তিকা বিতরণ করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা। এর শুরুতে রাজনৈতিক সভার মতো জেলা বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট ও হেফাজতে ইসলামের নেতারা আসন গ্রহণ করেন। এতে হেফাজতে ইসলামের রাজশাহী জেলার মহাসচিব মাওলানা আবদুস সামাদ, জামায়াতের পশ্চিম জেলার সেক্রেটারি আবদুল খালেক, বিএনপির সাবেক সাংসদ আজিজুর রহমান, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদকসহ জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।নেতাদের আসন গ্রহণের পরই ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য মোসাদ্দেক হোসেনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেফাজতের রাজশাহী জেলার মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুস সামাদ। মোসাদ্দেক হোসেনের পক্ষে জেলার জোট নেতারা একত্র হওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ‘আমরা কোরআনের আইন চালু করতে চাই। আল্লাহ, ১৮ দলের মধ্যে মিল-মহব্বত পয়দা করে দাও। নাদিম ভাই ১৮ দলের নেতা-কর্মীদের নিয়ে একাত্মতা ঘোষণা করেছেন। আল্লাহ তুমি এই মিলনকে কবুল করে নাও। তুমি মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইকে কবুল করে নাও।’মোনাজাতে সদ্য সাবেক মেয়র খায়রুজ্জামানের সমালোচনা করে আবদুস সামাদ বলেন, ‘বিগত মেয়র ইসলামি জলসা করতে দেয়নি। কোরআনের কথা শোনেনি, আলেম-ওলামাদের টিটকারি করেছে। আল্লাহ তুমি তাকে “হালাক” (ধ্বংস) করে দাও। তাকে খতম করে দাও। তারা গুলি করে অনেক মানুষ “হত্যা” করেছে। সেই শহীদদের তুমি জান্নাত নসিব কর। সাবেক মেয়রকে পরাজিত করে দাও। বুলবুল ভাইকে বিজয়ী করে দাও।’হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, তাহলে কেন তারা ১৮-দলীয় জোটের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে—জানতে চাইলে সাংবাদিকদের আবদুস সামাদ বলেন, ‘তাঁরা ইমান ও আকিদা রক্ষার স্বার্থে এই নির্বাচনে মোসাদ্দেককে সমর্থন দিয়েছেন।’ নাদিম মোস্তফা তাঁর বক্তব্যে রাজশাহীর বর্তমান প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি রিটার্নিং কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানান তিনি। মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বলেন, নির্বাচিত হলে বিগত মেয়রের সময়ের অনিয়ম, দুর্নীতি ও সিটি করপোরেশনের মূল্যবান সম্পদ নামমাত্র মূল্যে দলীয় লোকদের কাছে বরাদ্দ দেওয়ার বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেবেন তিনি।সংবাদ সম্মেলনে হেফাজতের পুস্তিকা সংবাদ সম্মেলন শুরুর আগেই হেফাজতের পক্ষ থেকে ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলাম হেফাজতে ঐক্যবদ্ধ হোন’ নামের একটি পুস্তিকা সাংবাদিকদের হাতে ধরিয়ে দেওয়া হয়। এর সামনের ও পেছনের পাতায় শাপলা চত্বরের সমাবেশের ছবি রয়েছে। এতে ‘ইসলাম ও দেশ রক্ষায় ৬ এপ্রিলের লংমার্চে ইসলামি চেতনার স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলাম হেফাজতে ঐক্যবদ্ধ হোন, ইসলামবিরোধী সকল আইন বাতিল করতে হবে, হেফাজতে ইসলামের ১৩ দফার ব্যাখ্যা, সকল বিভ্রান্তির নিরসন হবে এবং শাহবাগী ‘নাস্তিক-মুরতাদ’ বিরোধী আন্দোলন: হেফজাতে ইসলাম ইসলামপন্থী ও দেশপ্রেমিক বৃহত্তর ঐক্যের প্লাটফর্ম’ শিরোনামে পাঁচটি প্রবন্ধ রয়েছে।