খায়রুল হক সম্পর্কে খালেদার বক্তব্য দুরভিসন্ধিমূলক: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সম্পর্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্য অন্যায্য ও দুরভিসন্ধিমূলক। তিনি বলেন, যাঁর গায়ে দুর্নীতির তকমা লাগানো, তাঁর বিচারপতির গায়ে কাদা ছিটানোর চেষ্টা সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না।আজ শনিবার রাজধানীর রমনা কমপ্লেক্সে নিজ বাসায় তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন। তাঁর ছেলে আমেরিকা ফেডারেল কোর্টে দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত হয়েছেন। তিনি বলেন, কালো টাকা সাদা করে খালেদা দুর্নীতির বিষয় স্বীকার করে নিয়েছেন। সুতরাং, বিচারপতির সম্পর্কে কথা বলার আগে তাঁর আরেকটু চিন্তা করা উচিত ছিল। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘যা পচে গেছে তা নিয়ে দেশ ও জাতি এগোতে পারবে না। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে হবে।’ তিনি বলেন, ‘আমরা বারবার বলছি সংসদে এসে কথা বলেন, যদি কোনো ইমপ্রুভড সাজেশন থাকে তাহলে সেটা দিতে পারেন।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়ার মর্মবেদনা বুঝেছি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সামরিক আইন অবৈধ করা হয়েছে। এখানেই তাঁর গাত্রদাহ ও অন্তর্জ্বালা।