খারাপ কি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ খুব ভালো করেনি, কিন্তু খুব খারাপও কি বলা যাবে? টেস্ট ক্রিকেটে অন্য সব দেশের প্রথম ১০ বছরের সঙ্গে বাংলাদেশের তুলনা করেছেন রাজীব হাসানবাংলাদেশ যেন সুকুমার রায়ের সুপাত্র গঙ্গারাম। ‘মন্দ নয় সে পাত্র ভালো/ রঙ যদিও বেজায় কালো/ তার উপরে মুখের গড়ন/ অনেকটা ঠিক পেঁচার মতোন...।’ উনিশটি বার ম্যাট্রিকে ঘায়েল হয়ে থেমে গিয়েছিল গঙ্গারাম। বাংলাদেশ থামেনি। টানা ৩৪ ম্যাচ জয়বিহীন থাকার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, কিংবা টানা ২১ টেস্ট হেরে যাওয়ার বিশ্ব রেকর্ডই গড়েছে। তার পরও ‘ঘায়েল হয়ে’ থেমে যায়নি ব্যাঘ্রশাবকের দল। জয়ের ব্যগ্রতা ঠিকই মুঠোয় একদিন এনে দিয়েছে পরম আরাধ্য টেস্ট জয়। ৩৫তম টেস্টে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।টেস্ট অভিষেকের চতুর্থ বছরেই গিয়ে জয়, মন্দ কি! প্রথম টেস্টটি জিততে যে নিউজিল্যান্ডের ২৬ আর ভারতের ২০ বছর লেগেছিল, সে তো সবারই জানা। দক্ষিণ আফ্রিকার লেগেছিল ১৭ বছর। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক দশকের সঙ্গে বাকি দলগুলোর প্রথম ১০ বছরের তুলনা করতে গিয়ে যে ছবিটা বেরিয়ে এসেছে, তাতে আক্ষেপ-অপ্রাপ্তি যেমন আছে, একই ভাবে আছে গর্ব করার মতো বেশ কিছু অর্জনও। ৬৮টি ম্যাচ খেলে রেকর্ড ৫৯টি পরাজয়ের পাশে মাত্র ৩ জয়, ৬ ড্র—মোটা দাগের এই পরিসংখ্যান বুঝতেই দিচ্ছে না বাংলাদেশের প্রাপ্তিগুলো।অভিষেক টেস্টের কথাই ধরুন। আমিনুল ইসলামের সেঞ্চুরি, নাঈমুর রহমানের ৬ উইকেটের মতো ব্যক্তিগত অর্জন তো আছেই; অভিষেক ইনিংসে বাংলাদেশ যে ৪০০ রান করে চমকে দিল, সে তো কম নয়। বরং বাকি দলগুলোর অভিষেক ইনিংসের দিকে তাকান: অস্ট্রেলিয়া তাদের অভিষেক ইনিংসে করেছিল ২৪৫। ইংল্যান্ড ১৯৬, দক্ষিণ আফ্রিকা ৮৪, ওয়েস্ট ইন্ডিজ ১৭৭, নিউজিল্যান্ড ১১২, ভারত ১৮৯, পাকিস্তান ১৫০, শ্রীলঙ্কা ২১৮। কেবল জিম্বাবুয়ে করেছিল ৪৫৬।এক অস্ট্রেলিয়াই শুধু অভিষেক টেস্টে জিতেছে। এরপর জিম্বাবুয়ের ড্র। বাকি সব দলই পরাজয় দিয়েই হাঁটতে শুরু করেছে টেস্ট ক্রিকেটে। বাংলাদেশ কেবল মার খেয়ে গেছে অভিজ্ঞতার কাছে। ৪০০ করার পর ১৯০ রানে ভারতের ৫ উইকেট ফেলে দেওয়া বাংলাদেশ তো দুর্দান্ত কিছুরই আভাস দিচ্ছিল!সেটা হয়নি। কিন্তু ওই যে শুরুতেই বলা হলো, বাংলাদেশের প্রথম ১০ বছরের অর্জন কিন্তু মোটেও কম নয়।ম্যাচ খেলার দিক দিয়ে বাংলাদেশ প্রথম! জয়ের সংখ্যায় পঞ্চম। বাংলাদেশের পেছনে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত—প্রথম দশকে যাদের কোনো জয় নেই। দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে বাংলাদেশ। এই সময়টায় দুটো টেস্ট সিরিজও জিতেছে বাংলাদেশ। প্রথম দশকে সিরিজ জেতার সৌভাগ্য দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড আর ভারতের হয়নি। একটি করে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। পাকিস্তান জিতেছিল তিনটি। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে চারটি করে। সর্বোচ্চ ছয়টি সিরিজ জিতেছে ইংল্যান্ড।সংখ্যা দিয়ে হিসাব করলে পরাজয়ের দিক দিয়ে বাংলাদেশকে প্রথম স্থানেই পাওয়া যাবে। তবে এভাবে হিসাব করাটা অন্যায় হবে এক দিক দিয়ে। কারণ, বাংলাদেশের সমান ম্যাচ তো আর প্রথম দশকে বাকি দেশগুলো খেলেনি। তাই সবচেয়ে ভালো বিচার হবে শতাংশে হিসাব করলে। দক্ষিণ আফ্রিকার পরাজয়ের হার ছিল ১০০ শতাংশ! দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের ৮৬.৭৬ শতাংশ। তবে খুব একটা পিছিয়ে নেই ভারত (৭১.৪৩), ওয়েস্ট ইন্ডিজ (৫৭.৮৯), জিম্বাবুয়ে (৫২.৩৮), শ্রীলঙ্কা (৫১.৩৫)। অস্ট্রেলিয়াও তাদের ৫০ শতাংশ ম্যাচে হেরেছিল। পরাজয়ের হারের দিক দিয়ে ভালো অবস্থানে আছে পাকিস্তান (৩৩.৩৩), ইংল্যান্ড (৩৪.৬১) ও নিউজিল্যান্ড (৩৫.৭১)।ড্রয়ের দিক দিয়েও মাঝামাঝি, পঞ্চম অবস্থানেই আছে বাংলাদেশ। সর্বোচ্চ ২৩টি ম্যাচ ড্র করতে পেরেছিল জিম্বাবুয়ে। পাকিস্তান ২০টি, শ্রীলঙ্কা ১৬টি এবং নিউজিল্যান্ড ড্র করেছিল ৯টি। বাংলাদেশ ড্র করেছে ছয়টি ম্যাচে। প্রথম দশকের সর্বোচ্চ স্কোরের দিক দিয়ে ‘প্রায়’ পঞ্চম ধরে নেওয়াই যায় বাংলাদেশকে। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা সর্বোচ্চ স্কোর করেছিল ৪৯৭, ৪৮৮ করা বাংলাদেশের সঙ্গে ব্যবধান সামান্যই। শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশের চেয়ে বেশি স্কোর করতে পেরেছে পাকিস্তান (৬৫৭), জিম্বাবুয়ে (৫৬৩), অস্ট্রেলিয়া (৫৫১) ও ওয়েস্ট ইন্ডিজ (৫৩৫)। সর্বনিম্ন স্কোরের লজ্জার দিক দিয়ে বাংলাদেশের সামনে আছে দক্ষিণ আফ্রিকা (৩০) ও ইংল্যান্ড (৪৫)। নিউজিল্যান্ড বাদে বাকি সব দলই এক শয়ের নিচে অলআউট হয়েছে এই সময়টায়।সব মিলে বাংলাদেশ ১০০-তে ৫০ তো পেয়েছেই, এদিক-ওদিক হিসাব করলে ১০০-তে ৬০-ই দিয়ে দেওয়া যায়। প্রথম বিভাগই তো! দায়সারা ঘরোয়া ক্রিকেট নিয়ে বাংলাদেশ যে টেস্ট ক্রিকেটে লড়াই করে চলেছে, সেটা হিসাবের মধ্যে নিলে অনায়াসে লেটার মার্কস দিয়ে দেওয়াই যায়।আপনি কত দেবেন?