খারিজ আদেশ প্রত্যাহার চেয়ে ইউনূসের আবেদন শুনানি মুলতবি
লিভ টু আপিল খারিজের আদেশ প্রত্যাহার চেয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদনের (রিকল) শুনানি মুলতবি করা হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নয়জন পরিচালকের করা লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) শুনানিও মুলতবি করা হয়। গতকাল বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ অবকাশের পর এক সপ্তাহ পর্যন্ত শুনানি মুলতবি করেন।একই আদালত গত মঙ্গলবার মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করেন। অস্বাক্ষরিত ওই আদেশ প্রত্যাহার চেয়ে পুনঃ শুনানির জন্য সেদিন বিকেলে ইউনূস আপিল বিভাগে আবেদন করেন।সূত্র জানায়, গতকাল শুনানির শুরুতে ইউনূসের আইনজীবী ড. কামাল হোসেনের উদ্দেশে আদালত বলেন, ‘আজ (বুধবার) শুনানি শেষ করতে পারবেন কি না? কাল (বৃহস্পতিবার) একজন বিচারপতি ছুটিতে থাকবেন।’ জবাবে ড. কামাল বলেন, ‘আমি সর্বাত্মক চেষ্টা করব। শেষ করতে পারব, এ নিশ্চয়তা দিতে পারছি না।’ এ পর্যায়ে আদালত অবকাশ শেষে আদালত খোলার এক সপ্তাহ পর পর্যন্ত শুনানি মুলতবি করেন।ইউনূসের পক্ষে আইনজীবী মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, সারা হোসেন ও তানিম হোসাইন উপস্থিত ছিলেন।আদালত থেকে বেরিয়ে কামাল হোসেন প্রথম আলোকে বলেন, রিকল আবেদন ও লিভ টু আপিল শুনানির জন্য ছিল। আদালত অবকাশের পর তা শুনানির জন্য রেখেছেন। এ সময় মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, লিখিত আদেশ না দেখে এ ব্যাপারে মন্তব্য করা যাচ্ছে না।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, লিভ টু আপিল খারিজ হয়ে গেছে। শুনানি না করে রিকল না করা পর্যন্ত ওই আদেশই বহাল থাকছে। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে ইউনূস কাজ চালিয়ে যেতে পারবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগেও বলেছি, কাজ চালিয়ে যাওয়া ঠিক হবে না।’মুহাম্মদ ইউনূসের আইনজীবী তানিম হোসাইন বলেন, সাপ্তাহিক ছুটিসহ ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের বসন্তকালীন অবকাশ চলবে। আদালত এর এক সপ্তাহ পর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। এ হিসেবে ২ মে শুনানি হতে পারে।প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী এমডি পদে তাঁর বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়, উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেন ৩ মার্চ। ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট দুটি সরাসরি খারিজ করেন। এর স্থগিতাদেশ চেয়ে ৯ মার্চ আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি আবেদন দুটি ১৫ মার্চ শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন। ৩ এপ্রিল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুটি লিভ টু আপিল করা হয়। এর মধ্যে মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল মঙ্গলবার খারিজ হয়।