লিভ টু আপিল খারিজ করে আপিল বিভাগের দেওয়া অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার এবং পুনরায় একসঙ্গে লিভ টু আপিলের (নয়জন পরিচালকের) ওপর শুনানির জন্য মুহাম্মদ ইউনূসের করা আবেদনের ওপর কাল বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে। আজ বুধবার তৃতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশের এদিন ধার্য করেন। আজ সকাল নয়টা ২০ মিনিটে শুনানি শুরু হয় এবং তা শেষ হয় দুপুর ১২টা ৩৫ মিনিটে।নয় পরিচালকের পক্ষে শুনানি করেন সারা হোসেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে তৌফিক নেওয়াজ।গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থেকে অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সরাসরি খারিজ করে দেন। এর বিরুদ্ধে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস ও নয় পরিচালক লিভ টু আপিল করেন। তবে ৫ এপ্রিল ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ওই দিন বিকেলে ইউনূস ওই আদেশ প্রত্যাহার চেয়ে পুনরায় শুনানির আবেদন করেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ।