খাল, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হবে: নানক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সারা দেশের খাল ও সরকারি জমি অবৈধ দখলাদারদের কাছ থেকে উদ্ধার করা হবে। দখলদারীর যে রাজনৈতিক পরিচয়ই থাকুক না কেন, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকার সাংসদ কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মিরপুর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের দখল হয়ে যাওয়া খাল ও সরকারি জমি উদ্ধার করা হবে।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা জেলা প্রশাসকের দপ্তর খালের অবস্থার জরিপ করে চিহ্নিত করে এবং ঢাকা ওয়াসা সেসব খাল রক্ষণাবেক্ষণ করে। কাফরুল থানাধীন ইব্রাহীমপুর হয়ে কল্যাণপুর পর্যন্ত বগার মার খালের এখন কোনো অস্তিত্ব নেই। সেটি ‘বগার বাবারা’ খেয়ে ফেলেছে। জেলা প্রশাসকের অফিস থেকে বগার মার খাল চিহ্নিত করার পর অবৈধ দখলদারদের উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এর আগে আজ বিকেল সোয়া তিনটায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। সভার শুরুতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।৪ জানুয়ারি সংসদের শীতকালীন এ অধিবেশন শুরু হয়।