খাল উদ্ধারে সাংসদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদের বাধার মুখে কল্যাণপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি ওয়াসা ও জেলা প্রশাসন। গতকাল রোববার সকালে দুজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ খাল অবৈধ দখলমুক্ত করতে গেলে সাংসদ আপত্তি জানান। এরপর ম্যাজিস্ট্রেটরা ফিরে আসেন।জানতে চাইলে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক প্রথম আলোকে বলেন, ‘উচ্ছেদের জন্য যে জায়গা চিহ্নিত করা হয়েছে, তা ভুল ছিল। যেখানে উচ্ছেদ করার কথা সেখানে হয়নি। ওই জায়গায় আমি কিছু জমির মালিক।’প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার দারুস সালাম থানার কল্যাণপুর খাল ভরাট করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসন যৌথ অভিযানে যায়। উচ্ছেদের নেতৃত্বে ছিলেন ওয়াসার ম্যাজিস্ট্রেট নাসিরউদ্দিন ও ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহে এলিদ মইনুল আমিন। সকাল ১০টার আগে একটি মিনিবাসে ঢাকা ওয়াসার অন্তত ৩০ শ্রমিক ঘটনাস্থলে পৌঁছান। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র‌্যাব ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে অবৈধ দখল উচ্ছেদের প্রস্তুতি চলছিল। এ সময় স্থানীয় সাংসদ আসলামুল হক জিপে করে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জিপ থেকে নেমেই বলেন, ‘এখানে কিসের উচ্ছেদ করতে এসেছেন। এখানে অবৈধ স্থাপনা থাকলে আমি নিজেই উচ্ছেদ করব। শুধু একটি ফোন দিলেই আমার লোকজন এগুলো উচ্ছেদ করে দেবে।’ উপস্থিত ম্যাজিস্ট্রেটরা নকশা হাতে নিয়ে সাংসদকে বোঝানোর চেষ্টা করেন। সাংসদ তাঁদের বলেন, ‘আমি টাস্কফোর্সের সদস্য। এ নকশাটি ভুল। আমি যেভাবে বলেছি সেভাবে হয়নি। আপনারা অন্য নকশা নিয়ে এসেছেন।’ ম্যাজিস্ট্রেট সাংসদকে বলেন, আগে থেকে চিহ্নিত করা অবৈধ স্থাপনার অংশবিশেষ উচ্ছেদ করবেন তাঁরা। সাংসদ বলেন, ‘কোনো উচ্ছেদ লাগবে না। ডিসির (জেলা প্রশাসক) সঙ্গে আমার কথা হয়েছে। ডিসি আমাকে উচ্ছেদের বিষয়ে কিছু জানাননি।’ তখন ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ দখলদারদের আগেই চিঠি দেওয়া হয়েছে। মাইকিংও করা হয়েছে। এ ধরনের চিঠি পাননি বলে সাংসদ দাবি করেন। একপর্যায়ে সাংসদ উত্তেজিত হয়ে বলেন, ‘আপনারা কীভাবে উচ্ছেদ করবেন, করেন; আমি গেলাম। কাল মন্ত্রীকে দিয়ে এই এলাকা পরিদর্শন করাব।’ তিনি বলেন, ‘এস এ খালেকের দখলে থাকা খালের জমি আগে উচ্ছেদ করতে হবে। এরপর অন্য জায়গা। এখানে আমাদের লোক থাকে। ওদের উচ্ছেদ করার কিছু নেই। দরকার হলে আমি নিজেই করব।’ একপর্যায়ে সাংসদ ডিসির সঙ্গে মুঠোফোনে কথা বলেন।এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ফোনে কথা বলার পর ম্যাজিস্ট্রেট মইনুল জানান, উচ্ছেদ হবে না। এরপর তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। একজন ম্যাজিস্ট্রেট বলেন, সাংসদের আপত্তির জমি আগে থেকেই অধিগ্রহণ করা ছিল। বিএনপির সাবেক সাংসদ এস এ খালেকের যে জমি উচ্ছেদের দাবি করা হচ্ছে, তা অধিগ্রহণ করা নয়।গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খালের ২০০ গজ দখল করে তা বালু দিয়ে ভরাট করে রাস্তা বানিয়েছে অবৈধ দখলদারেরা। অন্তত ৫০০ গজের মতো খালের তীর অবৈধ দখল করে ১০টির মতো আধাপাকা বাড়ি বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এখানে একসময় খাল ছিল। স্থানীয় নিরাপত্তাকর্মী আবু তাহের জানান, কয়েক দিন আগে লাঠির ওপর লাল কাপড় বেঁধে উচ্ছেদের এলাকা চিহ্নিত করা হয়েছিল। কিন্তু গতকাল ম্যাজিস্ট্রেট এসে দেখেন, লাঠি ও লাল কাপড় নেই। পরে তাঁরা উচ্ছেদের জন্য মাপজোক শুরু করেন। ঠিক এ সময় স্থানীয় সাংসদ ঘটনাস্থলে আসেন।দখলদার মল্লিকা সরকারের বাসার ভাড়াটে শিল্পী বেগম জানান, উচ্ছেদের জন্য মাইকিং করা হলেও তাঁদের মালপত্র সরিয়ে নেওয়ার আগেই উচ্ছেদ করতে আসেন ম্যাজিস্ট্রেট।ম্যাজিস্ট্রেট মইনুল জানান, ঢাকায় এ রকম ২৩টি খাল আছে, দখল হওয়ার কারণে এগুলো চেনার উপায় নেই। সরকার এসব খাল দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। উচ্ছেদ অভিযান বন্ধ হওয়ার ব্যাপারে দুজন ম্যাজিস্ট্রেট বলেন, সাংসদের আপত্তির কারণে উচ্ছেদ হয়নি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে পরে উচ্ছেদ করার পরামর্শ দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট মইনুল বলেন, গতকাল তাঁরা নকশা নিয়ে জলাশয়ের দক্ষিণ দিকে উচ্ছেদ করতে যান। কিন্তু সাংসদের দাবি, জলাশয়ের উত্তর দিকে উচ্ছেদ করতে হবে।এ ব্যাপারে সাংসদ আসলামুল হক প্রথম আলোকে বলেন, তিনি উচ্ছেদ অভিযানে বাধা দেননি। তিনি ঘটনাস্থলে গিয়ে বলেছিলেন, ‘আপনারা কাজ করেন, স্যরি, আমি থাকতে পারলাম না।’ পুলিশ সঙ্গে নিয়েও উচ্ছেদ করা হলো না কেন—এমন প্রশ্নের জবাবে সাংসদ বলেন, ম্যাজিস্ট্রেটরা হয়তো মনে করেছেন, এলাকার সব জমি মেপে পরে উচ্ছেদ করবেন।তবে খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা করা হয়েছে বলে স্বীকার করেন সাংসদ আসলামুল হক। তিনি বলেন, যেখানে পানিপ্রবাহ বন্ধ রয়েছে, সেখানে আগে উচ্ছেদ করা হবে। পরে এই স্থাপনা উচ্ছেদ করা হবে। ম্যাজিস্ট্রেটদের শাসিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে সাংসদ বলেন, ‘আমি হুমকি দিইনি, কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে বলেছি, এ ব্যাপারে টাস্কফোর্স সভায় কথা হবে।’