খাল ও সড়কটির দশা নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহৎ তিস্তা সেচ প্রকল্পের নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত দিনাজপুর সেচ খাল প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় পড়েছে। খাল ও হালকা যান চলাচলের জন্য নির্মিত ওই খালের পরিদর্শন সড়কটিতে ভাঙন দেখা দিয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বরাদ্দের অভাবে এ খাল ও রাস্তা সংস্কার করা যাচ্ছে না।এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে খালের বিভিন্ন এলাকায় সাইফুন (পানি অপসারণের পথ) নির্মাণ করা হলেও তা কাজে আসছে না। বরং এতে করে প্রতিবছর খালের বাইরে ও ভেতরের পানির চাপে ভেঙে যাচ্ছে খালের দুই পাড়। এ ছাড়া খালের বাঁধের ওপর যে পাকা পরিদর্শন সড়ক নির্মাণ করা হয়েছিল, সংস্কার না করায় সেটিও চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।এলাকাবাসী জানান, নীলফামারী সদরের চাঁদের হাট থেকে জলঢাকা উপজেলা সদরের দুন্দিবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার পরিদর্শন সড়ক এসে মিলেছে তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের পরিদর্শন সড়কের সঙ্গে। ওই সড়কটি সেচ প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য নির্মাণ করা হলেও এলাকাবাসী এ পথে হাতীবান্ধা, পাটগ্রাম, বুড়িমারী, লালমনিরহাটসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। পাউবো কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে ওই সড়কে ভারী যানবাহন চলাচল করতে পারে না। এর পরও শুধু সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ৩১ জুলাই ওই সেচ খাল-সংলগ্ন এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জলঢাকা উপজেলা সদরের দুন্দিবাড়ী নামক স্থানে প্রধান সেচ খাল থেকে বের হয়ে নীলফামারীর দিকে আসা কাঁঠালী ইউনিয়নের খানাবাড়ী নামক স্থানে দিনাজপুর সেচ খালের ডানতীরের একটি অংশ ভেঙে গেছে। এ প্রসঙ্গে খানাবাড়ী গ্রামের জাবেদুল ইসলাম বলেন, এটা প্রায় একমাস আগে ভেঙে গেছে। জলঢাকা থেকে ইউএনও এসে দেখে গেছেন। তবে পাউবোর কেউ আসেননি। তিনি বলেন, খালের বাইরে মারাত্মক জলাবদ্ধতার কারণে এটি ভেঙেছে। ওই পানি বের করতে এখানে একটি সাইফুন থাকলেও সেটি তেমন কার্যকর নয়। সাইফুনটি ঠিক জায়গায় না হওয়ায় এবং পর্যাপ্ত পানি অপসারণের ক্ষমতা না থাকায় প্রায় প্রতিবছর এখানে বাঁধটি ভাঙে। একই গ্রামের তালেবুর রহমান বলেন, ‘বাঁধের সংস্কারও হয় না, পরিদর্শন সড়ক নির্মাণের পর সেটারও সংস্কার হতে দেখিনি। বাঁধের সঙ্গে সঙ্গে রাস্তাটিও নষ্ট হয়ে গেছে।’ একই ইউনিয়নের উত্তর দেশীবাড়ী হাজীপাড়া গ্রামে স্থানীয়ভাবে সেচ খালের ওপর নির্মাণ করা বাশের সাঁকোর পশ্চিম প্রান্তে বাঁধটি লম্বালম্বিভাবে ভেঙে গেছে। যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে সেচ খালের পানি লোকালয়ে ঢুকে পড়তে পারে। গ্রামের মহসীন আলী (৫৫) বলেন, ‘পাউবো ক্যানেলের ওপর পুল করি দেওয়ার কথা, কিন্তু দেয় না। এখন ক্যানেলের পাড়ত অনেকটা জায়গা জুড়ি ভাঙন শুরু হইছে। কিন্তু কেউ দেখে না।’ তিনি আরও বলেন, ‘বাঁধটা ভাইঙ্গলে অনেক জমির আবাদ যেমন নষ্ট হইবে, তেমনি অনেক বাড়ীঘরতও পানি উঠবে।’ তিনি জানান, রাস্তাটার অবস্থাও খুব খারাপ।পাউবো সূত্র জানায়, ‘১৯৯৬-৯৭ অর্থবছরে আবু ধাবীর উন্নয়ন তহবিলের অর্থায়নে নীলফামারীর ওপর দিয়ে ২৮ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ দিনাজপুর সেচ খালটি নির্মাণ করা হয়। পরে ওই খাল সম্প্রসারণ করে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ পর্যন্ত ৪১ কিলোমিটার দীর্ঘ করা হয়। পরে খালটি পরিদর্শনের জন্য প্রায় পাঁচ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নীলফামারী জেলা সদরের চাঁদের হাট থেকে জলঢাকা উপজেলা সদরের দুন্দিবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। কিন্তু সড়কটি নির্মাণের পর সেটি রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ না থাকায় তা সংস্কার করা হয়নি। তা ছাড়া, খাল সংস্কারের জন্যও বরাদ্দ পাওয়া যায় প্রতিবছর গড়ে ১০ লাখ টাকার মতো। এ টাকা প্রয়োজনের তুলনায় সামান্য বলে সূত্র দাবি করে।এ ব্যপারে পাউবোর নীলফামারী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. নাজির আহমেদ বলেন, পরিদর্শন সড়কটির অবস্থা খুবই খারাপ। এটি সংস্কারের জন্য গত অর্থবছরে ৬০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। বরাদ্দ না পাওয়ায় কাজ করা সম্ভব হয়নি। এদিকে বাঁধ ভেঙে যাওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, সেখানে জলাবদ্ধতার কারণে এলাকাবাসী বাঁধটি কেটে দিয়েছে। খাল সংস্কার ও সড়ক মেরামতের গুরুত্বের কথা স্বীকার করে তিনি বলেন, চলতি অর্থবছরে বরাদ্দ পাওয়ামাত্র অগ্রাধিকার ভিত্তিতে এ কাজগুলো করা হবে।