প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আবারও আহ্বান জানিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে কোনো ‘ফর্মুলা’ থাকলে সংসদে এসে উপস্থাপন করুন। তিনি বলেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে সমস্যার সমাধান করব। কিন্তু খাল কেটে কুমির আসার সুযোগ করে দেবেন না।’ খবর বাসসের।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কর্মকর্তারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে ফর্মুলা দিতে পারে, সংসদে বিলও উত্থাপন করতে পারে বা সরকারি দলের উত্থাপিত বিলে সংশোধনী দিতে পারে। যুক্তিযুক্ত হলে তা গ্রহণ করা হবে। আমরা বিশ্বাস করি, সংসদে বসেই নির্বাচিত প্রতিনিধিরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অন্য কাউকে সুযোগ করে দেওয়া ঠিক হবে না।’প্রধানমন্ত্রী বলেন, দেশের নির্বাচন-প্রক্রিয়াকে ধ্বংস করতে ষড়যন্ত্র চলছে। এ সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। সাক্ষাৎকালে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাক হোসেন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বক্তব্য দেন। নেতারা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। শেখ হাসিনা মনোযোগ সহকারে রিপোর্টারদের সমস্যার কথা শোনেন এবং ইউনিটির উন্নয়ন ফান্ডে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন। প্রধানমন্ত্রী এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদে তত্ত্বাবধায়ক সরকার গঠন-সংক্রান্ত বিল পাস হওয়া পর্যন্ত ধারাবাহিক ঘটনাবলি তুলে ধরে বলেন, সে সময় ১৫ দল, ৫ দল ও ৭ দল মিলে তিনটি জোট ছিল। এই তিন জোটের রূপরেখায় বলা হয়েছিল, কমপক্ষে পরপর তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত এ সরকারকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। আদালত যা অবৈধ ঘোষণা করেছেন, তাকে আমরা বৈধ করতে পারি না। শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের আমলে স্থানীয় সরকার, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, যা অতীতের কোনো সরকারের আমলেই সম্ভব হয়নি। এ প্রসঙ্গে তিনি তাঁর সরকারের আমলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ও হবিগঞ্জের উপনির্বাচনের কথা তোলেন। তিনি বলেন, হবিগঞ্জের আসনে ১৯৫৪ সাল থেকে আওয়ামী লীগ কখনোই পরাজিত হয়নি। এবারই মাত্র এক হাজার ভোটে আমরা হেরেছি এবং জনগণের রায় মেনে নিয়েছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাসী।’ হরতালের সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাজা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনীতিবিদদের ওপর জুলুম-নির্যাতনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বর্তমান বিরোধী দলের নেত্রীকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। আমি এর তীব্র প্রতিবাদ করি। বিএনপি তখন কোনো প্রতিবাদ করার সাহস পায়নি।’ তিনি বলেন, ‘একটি অগণতান্ত্রিক-অনির্বাচিত সরকার আমাদের ওপর চেপে বসে অত্যাচার-নির্যাতন চালাবে, সেই সুযোগ আমরা আর করে দিতে চাই না। নির্বাচিত প্রতিনিধিরাই সংসদে বসে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।মজুরি বোর্ড গঠনে আলোচনার নির্দেশ: ইউএনবি জানায়, সাংবাদিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনে গণমাধ্যমের মালিকদের সঙ্গে আলোচনা করতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান কার্যালয়ের পাশের ৪০ একর খাসজমি ডিআরইউর নামে বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান ডিআরইউর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।মরিয়ার্টির বিদায়ী সাক্ষাৎ: বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মরিয়ার্টি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে দায়িত্ব পালনে সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান।