খাল কেটে কুমির আনবেন না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোনো প্রস্তাব থাকলে তা জাতীয় সংসদে উপস্থাপনের জন্যে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে সমস্যার সমাধান করব। কিন্তু খাল কেটে কুমির আসার সুযোগ করে দেবেন না।’আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্কালে শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে প্রস্তাব দিতে পারে, সংসদে বিলও উত্থাপন করতে পারে বা সরকারি দলের উত্থাপিত বিলে সংশোধনী দিতে পারে। যুক্তিযুক্ত হলে তা গ্রহণ করা হবে।শেখ হাসিনা বলেন, ‘তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। সর্বোচ্চ আদালত যা অবৈধ ঘোষণা করেছেন, তাকে আমরা বৈধ করতে পারি না।’হরতালের সময় ভ্রাম্যমাণ আদালতে শাস্তিদানের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। বিএনপি আহুত হরতালে আগুনে পুড়িয়ে স্কুটার চালক দেলোয়ারকে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সে কথা মনে রেখেই এই ব্যবস্থা নিয়েছি।’শেখ হাসিনা বলেন, ‘একটি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার আমাদের ওপর চেপে বসে অত্যাচার-নির্যাতন চালাবে, আমরা আর সেই সুযোগ করে দিতে চাই না। নির্বাচিত প্রতিনিধিরাই সংসদে বসে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’ প্রধানমন্ত্রী রিপোর্টারদের প্রতি সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী রিপোর্টার্স ইউনিটির উন্নয়ন ফান্ডে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।সাক্ষাত্কালে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাক হোসেন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বক্তব্য দেন। নেতারা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানের জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বাসস।