খাল থেকে যুবকের লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি খাল থেকে গতকাল রোববার বিকেলে হাসান সরদার (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর হাত-পা পিঠমোড়া করে বাঁধা ও গলায় গামছা পেঁচানো ছিল। হাসানের বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানার শমসের খাঁর ডাঙ্গী গ্রামে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাসান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। প্রতিদিনের মতো গত শনিবার মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।গতকাল বিকেলে ভাগলপুর এলাকার চিঙ্গু খালে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। লাশের গলায় গামছা পেঁচানো ও হাত-পা কাঁচা পাট দিয়ে বাঁধা ছিল। খবর পেয়ে রাতে হাসানের স্বজনেরা থানায় গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।হাসানের পরিবারের দাবি, তাঁকে হত্যার পর দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রোববার ভোররাতে বা এর আগে কোনো একসময় দুর্বৃত্তরা হাসানকে হত্যা করে লাশ খালে ফেলে যায়। এ ঘটনায় হাসানের ছোট ভাই আবুল হোসেন সরদার বাদী হয়ে মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।