খাল দখল করে মাছ চাষ!
বরিশালের বানারীপাড়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতা মাছ চাষের জন্য খাল দখল করে গড়া (বাঁশের বেড়া) দিয়েছেন। এই নেতার নাম মো. আবদুল জলিল ঘরামী। তিনি বানারীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মৎস্য কর্মকর্তার সহযোগিতায় জলিল ঘরামী বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে প্রবাহিত উপজেলার কাজলা খালের এক কিলোমিটার অংশে মাছ চাষের জন্য কয়েক দিন আগে বাঁশের বেড়া দেন।বানারীপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, কাজলা থেকে ওই খাল স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগান পর্যন্ত গেছে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খালের ১০ শতাংশ বানারীপাড়া ও ৯০ শতাংশ স্বরূপকাঠি উপজেলায় পড়েছে।এই এলাকার কমপক্ষে ২০০ কৃষক প্রতিদিন গাছের চারা, সবজির চারা নৌকায় বোঝাই করে বানারীপাড়া, বাইসারী, স্বরূপকাঠি, ইন্দেরহাট, আটঘর কুড়িয়ানাসহ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। খালে গড়া দেওয়ায় এসব চাষি বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন।স্থানীয় জেলে মো. সিদ্দিক গাজী ও মো. মিলন বলেন, ‘আমরা এই খাল দিয়া নৌকা নিয়ে সন্ধ্যা নদীতে মাছ ধরতে যাই। কিন্তু খালে গড়া দেওয়ায় নদীতে যেতে পারছি না। এখন তো আমাগো না খাইয়া মরতে অইবে।’নাম প্রকাশ না করার শর্তে খালের দুই পাড়ের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, ‘ইউপি চেয়্যারম্যানের লোক শাসায়, তোমাগো নাম নাই, তোমরা খালের পাড়েও আইতে পারবা না। কিন্তু খাল ছাড়া আমরা ক্যামনে বাঁচমু। আমাগো নাওয়া-খাওয়া, চলাচল সবই তো এই খালে অয়।’জানা যায়, গত রোববার কাজলা খালে কে বা কারা বিষ ঢেলে দেয়। এতে বেড়া দেওয়া অংশসহ বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে ওঠে। স্থানীয় কয়েক ব্যক্তি অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান জলিল বিদেশি মাছ চাষের জন্য নিজের লোকজন দিয়ে খালে বিষ প্রয়োগ করেছেন।স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার শিকদার প্রথম আলোকে বলেন, ‘এ এলাকায় সড়ক যোগাযোগ ভালো নয়। তাই প্রায় সব মানুষই এই খাল দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। মাছ চাষের নামে খাল আটকে ফেলায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। আমি বিষয়টি নিয়ে চেয়ারম্যান জলিল ঘরামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। কিন্তু তিনি আমলে নেননি।’এ ব্যাপারে জলিল ঘরামী বলেন, ‘খালের দুই দিকে গড়া দিয়ে মাছ চাষের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওর মাধ্যমে প্রকল্প নেওয়া হবে। তাঁরা সরেজমিনে দেখে প্রকল্প অনুমোদন করবেন।’জলিল ঘরামীকে সহযোগিতা করার অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল বলেন, ‘এটা আমার দপ্তরের কাজ নয়। সমাজভিত্তিক মৎস্য চাষ করার জন্য ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি প্রকল্প নিয়েছেন। খাল আটকানোর বিষয়টি আমি জানি না।’ইউএনও আবদুল আলীম খান ওয়ারেশী বলেন, ‘এডিবির অর্থায়নে মৎস্য সম্পদ উন্নয়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে, তা জলিল ঘরামীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তবে প্রবহমান খাল বন্ধ করে মাছ চাষ করার অনুমতি দেওয়া হয়নি। আমি এখন ছুটিতে আছি। সরেজমিনে দেখে অবশ্যই ব্যবস্থা নেব।’পরিবেশ অধিদপ্তর বরিশালের উপপরিচালক খন্দকার মো. ফজলুল হক বলেন, ‘পানিপ্রবাহ বন্ধ করে মাছ চাষ করা পরিবেশ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।’