খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি নির্দেশনা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশের পাশাপাশি রুলও জারি করেন। দেশের খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি সাত দিনের মধ্যে নির্দেশনা জারি করতে বিবাদীদের বলা হয়েছে। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ আজ রিট আবেদনটি দাখিল ও শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।রুলে দেশের সব খাল আরএস বা বিএস রেকর্ড অনুসারে রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রিট আবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশসচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, ভূমিসচিব, অর্থসচিব ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলো ডটকমকে বলেন, পরিবেশ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে জলাশয় ভরাট সম্পূর্ণ অবৈধ। কিন্তু ভূমিদস্যুরা দেশের বিভিন্ন এলাকায় খাল ভরাট করে আবাসন প্রকল্প বা ঘর-বাড়ি নির্মাণ করছে। ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কৃষকদের চাষাবাদে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে রিট আবেদনটি করা হয়।