খালা না থাকলে ‘বেগম’ প্রকাশিত হতো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুফিয়া কামালকে তাঁর শততম জন্মদিনে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ছোটবেলা থেকে তাঁর সান্নিধ্য পেয়েছি। নারীসমাজকে সর্বক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য বেগম রোকেয়া যে উদ্যোগ নিয়েছিলেন তাঁরই উত্তরসূরি কবি সুফিয়া কামাল। তৎকালীন সুফিয়া এন হোসেন নামে পরিচিত ছিলেন। তখন আমরা কলকাতায় থাকতাম। বাবার (মোহাম্মদ নাসিরউদ্দীন) মাসিক পত্রিকা সওগাত-এর ওপরতলায় আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এটি ১৯৩০ সালের দিকের কথা। তখন বোরকা পরে বাবার কাছে আসতেন সুফিয়া খালা। মার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল। কত খবর নিয়ে যে আসতেন। বাবার অফিসেই প্রথম দেখলাম সুফিয়া খালাকে। নারীদের জাগরণ নিয়ে অনেক তরুণ শিল্পী-সাহিত্যিক নিয়ে বাবা ও খালা আলোচনা করতেন। সে সময় মেয়েদের কোনো লেখা বা ছবি ছাপানো নিষিদ্ধ ছিল। আর সওগাত-এর মহিলা সংখ্যা বের করার সময় খালার স্বামী সৈয়দ নেহাল হোসেন খুব সহযোগিতা করলেন। কলকাতার কলেজ স্ট্রিটের সি গুহ স্টুডিও থেকে খালার ছবি তোলা হলো। সেই ছবি ছাপানো হলো সওগাত-এ। এটি ছিল প্রথম বাঙালি মুসলমান নারীর পত্রিকায় প্রকাশিত ছবি। খালা খুবই সাহসী ছিলেন। পত্রিকায় তাঁর ছবি ছাপার পর মেয়েরা উৎসাহী হয়ে লেখা ও ছবি পাঠাতে শুরু করেন। বাবা একদিন মজা করে খালাকে বললেন, তুমি তো কবি। তোমার সঙ্গে বোরকা ঠিক মানায় না। তখন খালা তাঁর স্বভাবসুলভ হাসি দিয়ে বলেছিলেন, আগে তো আমাকে ঘর থেকে বের হতে হবে। আমি যে পথ দিয়ে আসি, বোরকা না পরলে আসতে পারব না। তবে বাসার নিচে এসে বোরকা খুলে ফেলতেন। তাঁর মধ্যে জ্ঞান আহরণের অন্য রকম স্পৃহা ছিল। ১৯২৯ সালে সুফিয়া কামাল প্রথম বাঙালি মুসলমান নারী হিসেবে প্লেনে চড়েন। ঘুরে বেড়ান পুরো কলকাতা শহর। খালা মহিলাদের কাছে গিয়ে লেখা ও ছবি সংগ্রহ করতেন। ১৯৩২ সালে নেহাল খালু যক্ষ্মা রোগে মারা যান। খালুর মৃত্যুতে খালা বেশ বিমর্ষ হয়ে যান। কারও কাছে মাথা নত করতেন না। চাকরি নিলেন কলকাতা করপোরেশন স্কুলে। পরবর্তী সময়ে তাঁর মায়ের অনুরোধে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন। কামাল উদ্দীন খান ছিলেন সে সময়ের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি নিজেও সাহিত্যানুরাগী ছিলেন। খালার লেখার ভক্ত ছিলেন। উদারমনা এই মানুষটি বাকি জীবনটা খালার পাশে ছিলেন। করপোরেশন স্কুলে পড়ানোর সময় অনেক নারী শিক্ষা, সমাজ উন্নয়নের পাশাপাশি শিশুদেরও পড়াতেন। খালার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। বাবা যখন শুধু নারীদের জন্য পত্রিকা প্রকাশ করার কথা ভাবলেন, তখন খালা অনেক পরিশ্রম আর সমর্থন-সহযোগিতা করেছেন। খালা না থাকলে বেগম প্রকাশিত হতো না। কবি সুফিয়া কামাল নারীদের সাংবাদিকতার পথে নিয়ে এসেছেন। আজ এত মেয়ে সাংবাদিকতা জগতে এসেছে, সেই পথের দিশারী তিনি। খালাকে সম্পাদক করে ১৯৪৭ সালে বের হলো বেগম-এর প্রথম সংখ্যা। আমি ছিলাম ভারপ্রাপ্ত সম্পাদক। এরপর দেশ ভাগ হলো। আমরা চলে এলাম ঢাকায়। এখানে এসেও খালা তাঁর কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। তিনি সুলতানা নামে সাপ্তাহিক পত্রিকা বের করেন। পত্রিকাটির সহকারী সম্পাদক ছিলেন কবি জাহানারা আরজু। কবি সুফিয়া কামাল নারীদের আলোর পথ দেখিয়েছেন। বেগম রোকেয়ার স্বপ্নপূরণে সুফিয়া কামালের ছিল অনেক ভূমিকা।