খালাফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার বিষয়টি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে। সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এন এ আল বুসাইন আজ বুধবার বিকেলে মন্ত্রণালয়ে খালাফের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারকে ধন্যবাদ জানাতে গেলে সাহারা খাতুন এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালাফ আল আলীর হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সৌদি রাষ্ট্রদূত ধন্যবাদ দিতে এসেছিলেন। আজ তাঁদের নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে।’ তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত তাঁকে বলেছেন, এই মামলায় অভিযোগপত্র যেহেতু হয়েছে, তাই এখন যেন দ্রুত বিচার নিশ্চিত করা হয়। সাহারা খাতুন বলেন, ‘আমি তাঁদের কথা দিয়েছি, যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃতদের বিচারের আওতায় আনা হবে।’এ সময় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এন এ আল বুসাইন বলেন, ‘প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম, বাংলাদেশ খালাফের হত্যাকারীদের খুঁজে বের করবে। এখন সুষ্ঠু বিচারের জন্য আদালতের ওপরও আমাদের পুরো আস্থা আছে।’