খালাফ হত্যা মামলায় অভিযোগ গঠন
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন আজ বুধবার এ অভিযোগ গঠন করেন। আদালত আগামীকাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: সাইফুল ইসলাম ওরফে মামুন, আল আমীন, আকবর আলী ওরফে রনি, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। আসামিদের মধ্যে সেলিম চৌধুরী পলাতক আছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি চার আসামি কারাগারে আটক আছেন। গত ৪ জুন দক্ষিণখান থানাধীন উত্তর গাওয়াইর এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে মামুন, আল আমিন ও আকবর আলী ওরফে লালু ওরফে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে জার্মানির তৈরি একটি আরমিনিয়স রিভলবার উদ্ধার করা হয়। ১২ জুন রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকদী এলাকা থেকে ছাই রঙের একটি নিশান সানি গাড়ি উদ্ধার করা হয়। গত ২৫ জুলাই চারজনকে খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। পরে হত্যার কথা স্বীকার করে আল আমিন ও আকবর আলী জবানবন্দি দেন।অভিযোগ গঠনের জন্য আজ কারাগার থেকে চার আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ২৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই কর্মকর্তার মৃত্যু হয়। গত ৭ মার্চ গুলশান থানার এসআই মোশারফ হোসেন এ বিষয়ে একটি হত্যা মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর ডিবি পুলিশের ওবায়দুল হক এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২৪ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলাটির বিচারকাজ নিষ্পত্তির জন্য তা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।