খালাফ হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আরও তিনজন আজ রোববার সাক্ষ্য দিয়েছেন।সাক্ষ্য জেরা গ্রহণ শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন ৬ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করেন।আজ সাক্ষ্য দিয়েছেন: মামলার জব্দ তালিকার সাক্ষী কনস্টেবল বাসেদ ও শফিউজ্জামান এবং রেকর্ডিং অফিসার উপপরিদর্শক (এসআই) আবু কাওসার। এ নিয়ে খালাফ হত্যা মামলায় চারজন সাক্ষী দিলেন।এর আগে গত বৃহস্পতিবার এ মামলার বাদী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সাক্ষ্য জেরা শেষ হয়। গত বুধবার দণ্ডবিধির ৩৯৬ ধারায় এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: সাইফুল ইসলাম ওরফে মামুন, আল আমীন, আকবর আলী ওরফে রনি, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। আসামিদের মধ্যে সেলিম চৌধুরী পলাতক আছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি চার আসামি কারাগারে আটক আছেন। এই চারজনকে আজ আদালতে হাজির করা হয়।গত ৪ জুন দক্ষিণখান থানাধীন উত্তর গাওয়াইর এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে মামুন, আল আমিন ও আকবর আলী ওরফে লালু ওরফে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে জার্মানির তৈরি একটি আরমিনিয়স রিভলবার উদ্ধার করা হয়। ১২ জুন রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকদী এলাকা থেকে ছাই রঙের একটি নিশান সানি গাড়ি উদ্ধার করা হয়। গত ২৫ জুলাই চারজনকে খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। পরে হত্যার কথা স্বীকার করে আল আমিন ও আকবর আলী জবানবন্দি দেন।গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ২৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই কর্মকর্তার মৃত্যু হয়। গত ৭ মার্চ গুলশান থানার এসআই মোশারফ হোসেন এ বিষয়ে একটি হত্যা মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর ডিবি পুলিশের ওবায়দুল হক এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২৪ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলাটির বিচারকাজ নিষ্পত্তির জন্য তা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।