খালাফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাদী
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার বাদী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সাক্ষ্য জেরা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।৪ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ খালাফ হত্যা মামলার বিচার চলছে।দণ্ডবিধির ৩৯৬ ধারায় গতকাল বুধবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন। একই সঙ্গে আদালত আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: সাইফুল ইসলাম ওরফে মামুন, আল আমীন, আকবর আলী ওরফে রনি, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। আসামিদের মধ্যে সেলিম চৌধুরী পলাতক আছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি চার আসামি কারাগারে আটক আছেন। এই চারজনকে আজ আদালতে হাজির করা হয়।গত ৪ জুন দক্ষিণখান থানাধীন উত্তর গাওয়াইর এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে মামুন, আল আমিন ও আকবর আলী ওরফে লালু ওরফে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে জার্মানির তৈরি একটি আরমিনিয়স রিভলবার উদ্ধার করা হয়। ১২ জুন রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকদী এলাকা থেকে ছাই রঙের একটি নিশান সানি গাড়ি উদ্ধার করা হয়। গত ২৫ জুলাই চারজনকে খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। পরে হত্যার কথা স্বীকার করে আল আমিন ও আকবর আলী জবানবন্দি দেন।গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ২৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই কর্মকর্তার মৃত্যু হয়। গত ৭ মার্চ গুলশান থানার এসআই মোশারফ হোসেন এ বিষয়ে একটি হত্যা মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর ডিবি পুলিশের ওবায়দুল হক এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২৪ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলাটির বিচারকাজ নিষ্পত্তির জন্য তা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।