খালাফ হত্যাকাণ্ড: কাল ঢাকায় আসছে সৌদি তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের তদন্তে কাল মঙ্গলবার ঢাকায় আসছে সৌদি আরবের একটি তদন্ত দল। আট সদস্যের এ দলে রয়েছেন সে দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণু বিভাগের মহাপরিচালক মো. নজরুল ইসলাম আজ সোমবার বিকেলে প্রথম আলো অনলাইনকে বলেন, সৌদি তদন্ত দল মঙ্গলবার ঢাকায় আসছে। তদন্ত দল ঢাকায় তিন থেকে চার দিন থাকবে। এ সময় খালাফ হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।এদিকে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, এ পর্যন্ত হত্যার তদন্তে বাংলাদেশের পদক্ষেপে সৌদি কর্তৃপক্ষ সন্তুষ্ট। এ বিষয়টি তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। তবে তারা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের ওপর গুরুত্বারোপ করেছে।গত ৫ মার্চ রাতে সৌদি নাগরিক এবং ঢাকায় সে দেশের দূতাবাস কর্মকর্তা খালাফ (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন। পরের দিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ কিংবা এতে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যার তদন্তে সরকার এখন পর্যন্ত কোনো বিদেশি সহায়তা চায়নি। তবে সম্প্রতি সৌদি আরব সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি খালাফ হত্যার কারণ উদঘাটনে বাংলাদেশের তদন্তকারীদের সহায়তার জন্য সৌদি তদন্ত দলকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। গত ২১ মার্চ রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। তাঁর এ প্রস্তাবকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।