খালাফের খুনিদের গ্রেপ্তারে সন্তুষ্ট সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যাকারীদের গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের আল বুশাইরি আজ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা জানান। খবর ইউএনবির। বৈঠকে রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের আল বুশাইরি জানান, খালাফ আল আলীর হত্যাকারীদের গ্রেপ্তার করায় সৌদি আরবের সরকার সন্তুষ্ট। তারা যত দ্রুত সম্ভব হত্যাকারীদের শাস্তি চায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের আল বুশাইরি আলোচনা করেছেন। গত ৬ মার্চ রাজধানীর গুলশানে নিজ বাড়ির কাছে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: আল আমিন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম ও আকবর আলী। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আল আমিন স্বীকার করেছেন। বৈঠকের সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ ও মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।