খালাফের মরদেহ আজ সৌদি পাঠানো হচ্ছে
সৌদি আরবের দূতাবাসের নিহত কর্মকর্তা খালাফ আল আলীর মরদেহ আজ বৃহস্পতিবার সৌদি আরবে পাঠানো হচ্ছে।আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে জানিয়েছেন, আজ সন্ধ্যা সাতটার দিকে সৌদি আরবের একটি বিশেষ বিমানে করে খালাফের মরদেহ সে দেশে নিয়ে যাওয়া হবে।ময়নাতদন্ত শেষে খালাফের মরদেহ সৌদি দূতাবাসের পক্ষে গ্রহণ করেছেন দূতাবাসের আইনবিষয়ক উপদেষ্টা জসিমুদ্দিন সরকার। তিনি জানিয়েছেন, মরদেহ এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছে। আজ বিকেল পাঁচটায় বিমানবন্দরের মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।গত সোমবার রাতে গুলশানে খালাফ আল আলীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই রাতেই গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। খালাফ সৌদি দূতাবাসের দ্বিতীয় সচিব (হেড অব সৌদি সিটিজেনস অ্যাফেয়ার্স) ছিলেন। তিনি সৌদি নাগরিকদের সুযোগসুবিধার বিষয়টি দেখতেন।এদিকে খালাফ আল আলী হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে গতকাল বুধবারও কোনো ধারণা পায়নি পুলিশ। সৌদি আরব সরকার এ হত্যাকাণ্ডের নিবিড় তদন্তের অনুরোধ জানিয়েছে। তবে এ ঘটনা দুই দেশের সম্পর্কে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছে দেশটি।