খালাম্মার সঙ্গে সঙ্গেই ছিলাম
আমি ১৯৫১ সালে ডিসেম্বর মাসে ঢাকায় আসি। আমরা প্রথম তারাবাগে বাড়ি ভাড়া নিই। তারাবাগে কবি সুফিয়া কামাল থাকতেন। আমি হঠাৎ করে ইউএসআইএসে (মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যকেন্দ্র) চাকরি পাই। ইউএসআইএসের তখন হাটখোলা রোডে অফিস ছিল। অফিস থেকে ফেরত আসতেই দেখতাম সুফিয়া কামাল অপেক্ষা করছেন। সুফিয়া কামালকে আমি খালাম্মা বলতাম আর সুফিয়া কামাল আমাকে বৌমা বলে ডাকতে আরম্ভ করলেন। খালাম্মা বলতেন, ‘বৌমা, চলো আমরা ঘুরে আসি।’ কখনো আমরা মতিঝিলে নৌকায় করে ঘুরছি। কখনো বল্ধা গার্ডেনে, কখনো বেগম অফিসে। এভাবেই শুরু হলো আমাদের যাত্রা। খালাম্মা অনেক সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়লেন। যেমন—ছায়ানট, কচিকাঁচা, ওয়ারী মহিলা সমিতি। ছায়ানটের সঙ্গে খালাম্মা দেশের অনেক জায়গায় গিয়েছেন, আমাকেও যেতে হয়েছে। অবশ্য আমিও অনেক আনন্দ পেয়েছি। কিছু কিছু ঘটনা লিখছি। ছায়ানটের সঙ্গে শিলাইদহে যাওয়া। অদ্ভুত আনন্দ পেয়েছি। ঢাকা থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জ গেলাম, ওখান থেকে জাহাজে রওনা হলাম। ছায়ানটের অনেক গায়ক-গায়িকা ছিলেন। আমরা কুষ্টিয়া পৌঁছালাম। সেদিন কুষ্টিয়ায় থাকলাম লালনের দরবারে। তার পরদিন লঞ্চে করে পৌঁছালাম শিলাইদহে। আমরা গান গাইতে গাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পৌঁছালাম। তারপর নানা ঘটনা—খাওয়াদাওয়া, গান-বাজনা চলল অনেক রাত অবধি। আমরা দোতলায় যে যেখানে শুয়ে পড়লাম। একবার লন্ডনে বাংলা সাহিত্য পরিষদ খালাম্মাকে আমন্ত্রণ করল। খালাম্মা আমাকে বললেন, ‘বৌমা, তুমি যদি যাও তাহলে আমি যাব, তা না হলে আমি ওদের না বলে দেব।’ সুতরাং আমাকে রাজি হতে হলো। লন্ডনে বাংলা সাহিত্য পরিষদ ‘বাংলা সাহিত্য সম্মেলনের’ আয়োজন করেছে। প্রধান আকর্ষণ ছিল দুই বাংলার দুটি উজ্জ্বল নক্ষত্র—কবি সুফিয়া কামাল এবং ওপার বাংলার শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমাকে সঙ্গে যেতেই হলো। প্রখ্যাত লেখক এবং সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী ছিলেন সংগঠনের উপদেষ্টা। লন্ডন সাহিত্য পরিষদের সভানেত্রী ছিলেন ডলি ইসলাম। অনুষ্ঠান খুবই সুন্দর ছিল। একবার বরিশালে সাহিত্য সম্মেলন হলো। যথারীতি খালাম্মাকে যেতে হলো। সুতরাং আমাকেও যেতে হলো। এই সম্মেলনে প্রধান অতিথি খালাম্মা, তাঁকে উদ্বোধন করতে হবে। আমরা রাতে জাহাজে উঠলাম এবং ভোরে পৌঁছাব। হঠাৎ নদীতে জাহাজ আটকে পড়ল, সুতরাং আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেলা ১২টা বেজে গেল। সবাই অপেক্ষা করছে আর খালাম্মাও খুব চিন্তিত, কিন্তু করার কিছু নেই। খালাম্মা পৌঁছানোর পর সম্মেলন শুরু হলো। আমাদের শেষ যাওয়া ছিল ১৪০০ সালে কলকাতায় সাহিত্য সম্মেলনে। খালাম্মাকে দুটো টিকিট পাঠালেন। খালাম্মার ছোট মেয়ে গেলেন সঙ্গে। খালাম্মাকে বিদায় দিতে গেছি, তখন খালাম্মা বললেন, তুমি প্রায়ই হুটহাট কলকাতা যাও, আজ আমার সঙ্গে তুমি যেতে পারছ না। পরদিন আমি চলে গেলাম কলকাতা। তিন দিনের সম্মেলন শেষ। এর পর আমি গিয়ে খালাম্মাকে রামকৃষ্ণ মিশনের রেস্ট হাউসে নিয়ে এলাম। খালাম্মাকে নিয়ে ঘুরে বেড়ালাম। খালাম্মা তাঁর প্রথম জীবনে স্বামীকে নিয়ে যেখানে যেখানে যেতেন, সেই সমস্ত জায়গায় নিয়ে গেছি। নদীর ধারে ফারপো হোটেলে, টালিগঞ্জের ঘোড়দৌড়ের মাঠে। রবীন্দ্র সরোবরে সব জায়গায় নিয়ে গেছি। খালাম্মা বললেন, তুমি না আসলে এসব হতো না। অনেক লেখক, সাহিত্যিক খালাম্মার সঙ্গে দেখা করেছেন। খালাম্মা মহিলা পরিষদের সভানেত্রী ছিলেন। তিনিই মহিলা পরিষদ গঠন করেন। আমি তাঁর সঙ্গে অনেক জায়গায় গিয়েছি। খালাম্মার সঙ্গে আমি মস্কো গিয়েছি এবং চেক প্রজাতন্ত্রের রাজধানীতেও গিয়েছিলাম। আজ খালাম্মা নেই, আমি কী হারিয়েছি, তা আমি শুধু অনুভব করছি। খালাম্মা বলেছিলেন, ‘বৌমা, আমি মারা গেলে সবাই হয়তো কাঁদবে। আমার ছেলে মেয়েরা কাঁদবে এবং পাড়া-প্রতিবেশী কাঁদবে কিন্তু তোমার কান্না কেউ বুঝবে না।’