পুলিশের কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে পল্টন থানায় ২০০৬ সালে দায়ের করা মামলায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজমসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।খালাস পাওয়া অন্যরা হলেন—মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাংসদ হাজি সেলিম, নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন, মহিউদ্দিন ওরফে মহি, সোহেল ও জুয়েল। আজ আসামি পক্ষের আইনজীবী কাজী নজীবুল্লাহ ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় আসামিদের খালাস চেয়ে আদালতকে বলেন, ২০০৬ সালের ৩০ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দল সচিবালয়ে ঘেরাও কর্মসূচির সময় আসামিরা পুলিশের কাজে বাধা দেয় ও মারধর করে—এমন অভিযোগে পল্টন থানার তত্কালীন উপপরিদর্শক সেলিমুজ্জামান বাদী হয়ে মামলা করেন।কাজী নজীবুল্লাহ বলেন, পুলিশ এ মামলায় ২০০৭ সালের ৭ এপ্রিল আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই বছরের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য এ পর্যন্ত ১৬টি তারিখ ধার্য করা হলেও কোনো সাক্ষী আদালতে হাজির হননি। তাই মামলাটি হয়রানিমূলক।রাষ্ট্রপক্ষ এ মামলায় দীর্ঘ চার বছর ধরে কোনো সাক্ষী উপস্থাপন করতে না পারায় আজ শুনানি শেষে ওই আটজনকে খালাসের আদেশ দেন আদালত।