জেলহত্যা মামলা রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি
খালাসপ্রাপ্ত দুই আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জেলখানায় জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ে খালাস পাওয়া দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।সকালে সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত দুপুর ১২টায় আদেশ দেওয়ার সময় ধার্য করেন। এ সময় মারফত আলী ও হাশেম মৃধাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষ একটি সম্পূরক আবেদন দাখিল করে। আদালত দুপুর ১২টা ১০ মিনিটে আদেশ দেন। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক উপস্থিত ছিলেন।আনিসুল হক পরে প্রথম আলোকে বলেন, আদালত লিভ টু আপিল মঞ্জুর করেছেন। মারফত আলী ও আবুল হাশেম মৃধাকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা আত্মসমর্পণ না করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারবে। রাষ্ট্রপক্ষকে ৩০ দিনের মধ্যে অর্থাৎ ১৩ ফেব্রুয়ারির মধ্যে আপিলের সারসংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) জমা দিতে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলায় সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, শাহরিয়ার রশীদ খান ও ল্যান্সার মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হওয়ায় তাঁদের বিরুদ্ধে করা লিভ টু আপিল অকার্যকর (অ্যাবেটেড) হয়েছে।১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। এ ব্যাপারে পরদিন তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ মামলার রায়ে পলাতক আসামি রিসালদার মোসলেহ উদ্দিন, দুই দফাদার মারফত আলী শাহ ও মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টের রায়ে মোসলেহ উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখে মারফত আলী ও হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ১২ জনের মধ্যে চারজন অব্যাহতি পান।এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে পাঁচটি লিভ টু আপিল করে। গত বছরের ৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ আবেদন শুনানির দিন নির্ধারণের আরজি জানায়। ৭ নভেম্বর শুনানি শুরু হয়। সর্বশেষ ৯ জানুয়ারি লিভ টু আপিলের শুনানি গ্রহণের পর আদালত গতকাল আদেশ দেওয়ার তারিখ ধার্য করেন।