খালিজ টাইমসের সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই থেকে প্রকাশিতখালিজ টাইমস-এ প্রকাশিত ‘আসগর খানস পিটিশন ফাইনালি কামস আপ ফর হেয়ারিং’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে ওই পত্রিকার সম্পাদকের কাছে একটি বিবৃতি পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩ মার্চ খালিজ টাইমস-এ সংবাদটি প্রকাশিত হয়।প্রতিবাদপত্রে বলা হয়, ওই সংবাদের প্রতি বিএনপির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সংবাদে বলা হয়েছে, সাবেক আইএসআই-প্রধান জেনারেল আসাদ দুররানি সুপ্রিম কোর্টে বলেছেন, আইএসআই খালেদা জিয়াকে অর্থ দিয়েছে। সংবাদের এই অংশটি সম্পূর্ণ ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ পর্যন্ত কোনো নির্বাচনে বা অন্য কোনো কাজে বিদেশ থেকে কোনো অর্থ নেননি। বিএনপি বিদেশ থেকে টাকা নেওয়ার পক্ষপাতী নয়। কিন্তু দুঃখজনক যে অনেক স্থানীয় ও ভারতীয় গণমাধ্যম এই অসত্য সংবাদ প্রকাশ করেছে। বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সংবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অভিযোগ যাচাই না করেই খালিজ টাইমস-এর মতো এমন একটি পত্রিকা এ ধরনের সংবাদ প্রকাশ করায় বিএনপি বিস্মিত। সম্প্রতি পাকিস্তান সুপ্রিম কোর্টের মামলার প্রসিডিংস পাকিস্তানের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। কিন্তু সেখানে কোথাও বিএনপি বা খালেদা জিয়ার নাম আসেনি।বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আসাদ দুররানি বলেছেন, তাঁর বিবৃতিতে কোথাও পাকিস্তানের বাইরের কোনো ব্যক্তি বা দলের নাম তিনি উল্লেখ করেননি। খালিজ টাইমস-এ তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও বিএনপিতে আইএসআইয়ের অর্থায়নের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সুসম্পর্ক নষ্ট করতে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।প্রতিবাদপত্রে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি, প্রতিবাদটি গুরুত্বসহকারে ছাপাবেন এবং এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের কারণে যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন।’