খালে ইটভাটার রাস্তা, পানির প্রবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন ও পৌর এলাকায় দুটি ইটের ভাটার মালিক খালে রাস্তা নির্মাণ করেছেন। ফলে প্রবহমান খালে এখন নৌ চলাচল বন্ধ হয়ে গেছে এবং খালের পূর্ব পাশে সেচের পানির সংকট সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া এলাকা থেকে একটি খাল ডামুড্যা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এ খাল দিয়ে সারা বছর ছোট ছোট নৌযান চলাচল করে। শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় খালের পাড়ে এলআরবি নামের একটি ইটভাটা গড়ে উঠেছে। মূল সড়ক থেকে ইটভাটায় যাওয়ার জন্য কাঠ দিয়ে একটি সেতু নির্মাণ করেছে কর্তৃপক্ষ। সেতুর নিচ দিয়ে কোনো নৌযান চলাচলের ব্যবস্থা রাখা হয়নি। ইটভাটার ময়লা-আবর্জনা ও ভাটার ইটে খালের একাংশ ভরাট হয়ে গেছে। রুদ্রকর ইউনিয়নের সোনামুখী এলাকায় খালের পাড়ে এমকেএম নামের আরেকটি ইটভাটা স্থাপন করা হয়েছে। ইটভাটা কর্তৃপক্ষ মূল সড়কে যাওয়ার জন্য খালের ওপর দিয়ে আড়াআড়ি বাঁধ দিয়ে সড়ক নির্মাণ করেছে। ফলে খালের পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে।দক্ষিণ মধ্যপাড়া গ্রামের আ. রব বেপারী বলেন, ‘এ খাল দিয়ে সব সময় ছোট নৌকা ও ট্রলারযোগে কৃষিপণ্য পরিবহন করা হতো। ইটভাটার কারণে খাল বন্ধ হয়ে গেছে। এখন কোনো নৌযান চলাচল করতে পারে না। আমরা এর প্রতিবাদ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি।’সোনামুখী গ্রামের সুমন খান বলেন, ‘দুই বছর ধরে খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। ইটভাটা কর্তৃপক্ষকে আমরা খালে বাঁধ দিতে বাধা দিয়েছিলাম। কিন্তু তারা বাধা উপেক্ষা করে খাল দখল করেছে। এখন বোরো মৌসুম, এলাকায় প্রচুর পানির প্রয়োজন। খালটি ভরাট করায় খালের পূর্ব অংশে আমরা সেচের পানি পাচ্ছি না।’এমকেএম ইটভাটার মালিক আমির হোসেন বলেন, ‘সহজে ইট পরিবহনের জন্য খালের ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছি। এ জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এ খাল দিয়ে বর্ষা মৌসুমে নৌযান চলাচল করে, তখন আমরা বাঁধ কেটে দেব।’এলআরবি ইটভাটার মালিক রিটন সাহা বলেন, ‘খালের যে অংশে আবর্জনা ও ইট পড়ে দখল হয়েছে, তা আমরা খালি করে দেব। আমাদের তৈরি সেতুর নিচ দিয়ে বর্ষা মৌসুমে নৌ চলাচল করতে পারবে। তখন নৌ চলাচলের জন্য জায়গা খালি করা হবে।’শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. করিম বলেন, ‘খাল দখল করে ইটাভাটার রাস্তা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। স্থানীয়ভাবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’