খালে-বিলে অকারণ কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরে রাজধানীর সাতটি থানা এলাকায় কয়েকটি খাল ও নদীতে ১০টি কালভার্ট নির্মাণ করেছে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। তবে এই কালভার্টগুলো জনগণের ব্যবহার করার সুযোগ নেই। কারণ, এগুলোর দুই পাশে কোনো সড়ক বা আশপাশে কোনো জনবসতি নেই। সাতটি কালভার্ট পানির মাঝখানে, পরিত্যক্ত পড়ে আছে। গত মে মাসে সব কটি কালভার্টের নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানান ঠিকাদারেরা।ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সূত্র জানায়, প্রতিটি কালভার্ট তৈরিতে সরকারের খরচ হয়েছে ২০ লাখ টাকা। মোট ব্যয় দুই কোটি টাকা। জানা গেছে, ত্রাণের টাকায় এর আগের দুই অর্থবছরেও রাজধানী ও এর আশপাশ এলাকায় ২৩টি কালভার্ট নির্মাণ করেছিল ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। সেগুলোও মানুষের কোনো কাজে আসেনি।কাগজপত্র ঘেঁটে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রাণ অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও রাস্তাঘাট সংস্কার প্রকল্পের আওতায় এই কালভার্ট করে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার সাংসদদের কাছে দুটি সম্ভাব্য জায়গা নির্ধারণ করে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। সাংসদ জায়গা নির্বাচন করে ত্রাণ অধিদপ্তরকে জানান। অধিদপ্তরের প্রকৌশলীরা জনপ্রতিনিধির প্রস্তাবিত জায়গার একটিকে কালভার্ট নির্মাণের জন্য নির্ধারণ করে নকশা প্রণয়ন করেন। তারপর দরপত্র আহ্বান করে নির্বাচিত ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। তিনটি পার্বত্য জেলা ছাড়া সারা দেশের ৪৬৬টি উপজেলায় এ প্রক্রিয়ায় গত তিন বছরে ২৭০ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৩৯৮টি কালভার্ট তৈরি করা হয়েছে।সরেজমিন ঘুরে, স্থানীয় লোকজন এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ছোট ও কম উচ্চতার কালভার্ট কোনো প্রবহমান খালে নির্মিত হলে ওই খালে নৌ-চলাচল বন্ধ হয়ে যায়। এরপর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা কালভার্টের মাপ রেখে খাল-জলাশয়ের দুই পাশ ভরাট করে দখল করে নেন। একপর্যায়ে পুরো খালই বিলুপ্ত হয়ে যায়। সংলগ্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাংগঠনিক সম্পাদক ইকবাল হাবিব বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা কালভার্টের ক্ষতিকর ও নেতিবাচক দিকগুলো তুলে ধরছি। কিন্তু একটি অসাধু চক্র বারবার এ কাজটি করছে।’জানতে চাইলে পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, খাল ও নদীর প্রশস্ততার চেয়ে ছোট কালভার্ট নির্মাণের ফলে কার্যত ওই খাল ও জলাশয়টি ধ্বংস করে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কালভার্ট তৈরির আগে পরিবেশের ছাড়পত্র নেওয়া উচিত। কালভার্ট নির্মাণ করে উন্নয়ন করতে হলে সেটি সঠিকভাবে নৌ-চলাচল বন্ধ না করে, খাল ও জলাশয় ভরাট না করে এবং পরিবেশের ক্ষতি না করেই করা উচিত। এমন কোনো কাজ করা ঠিক নয়, যা জলাভূমি ও পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেয়।হরিরামপুরে রাস্তা কেটে কালভার্ট: উত্তরার ১০ নম্বর সেক্টরের কাছে হরিরামপুর ইউনিয়নের রানাভোলায় ১৮০ ফুট পাকা রাস্তা কেটে একটি কালভার্ট তৈরি করা হয়েছে। এখন কাটা রাস্তা আবার পাকা করা হচ্ছে। এই কাণ্ড দেখে স্থানীয় বাসিন্দারা বিস্মিত। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘এভাবে সরকারি অর্থ অপচয় না দেখলে কেউ বিশ্বাস করবে না।’কালভার্টটি নির্মাণ করেছে বিএইচ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি দাবি করেন, ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তাদের নকশার ভুলের কারণে রাস্তা কেটে কালভার্ট করতে হয়েছে। তবে প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঠিকাদারদের ভুলের কারণে এ অবস্থা হয়েছে। এ জন্য ঠিকাদারের কাছ থেকে টাকাও কেটে নেওয়া হয়েছে।কালভার্টের চারপাশে বেসরকারি আবাসন প্রকল্প: দক্ষিণখানের মধুবাগ বাজার ধরে একমাত্র সড়কটি শেষ হয়েছে এলাকার কবরস্থানে। এরপর সড়ক কিংবা জনবসতি নেই। কবরস্থানসংলগ্ন জলাভূমি ভরাট করছে একটি আবাসন কোম্পানি। পাশে সাইনবোর্ডে লেখা স্প্রিং টাউন। কালভার্টের এপার আরেকটি প্রতিষ্ঠান জলাশয় ভরাট করছে। প্রতিষ্ঠানটির নামহীন একটি সাইনবোর্ড বালুর মধ্যে ডুবে আছে। স্থানীয় বাসিন্দা মাসুম সিকদার ও মাহবুবুর রহমান জানান, ওটি আশিয়ান সিটির সাইনবোর্ড। তাঁরা বলেন, বৃষ্টি ও বন্যার পানি এলাকার এই নিচু জলাশয়ে জমা হতো। ভরাটের কারণে এখন বৃষ্টি হলেই দক্ষিণখান এলাকায় পানি জমে যায়।কালভার্টটি তৈরি করতে সরকারের খরচ হয়েছে ২০ লাখ টাকা। এই কালভার্টটিও তৈরি করেছে মেসার্স বিএইচ কনস্ট্রাকশনের মালিক জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘আমাদের যেখানে নির্মাণ করতে বলেছে, সেখানেই আমরা করেছি। এখানে আমাদের কোনো পছন্দ নেই।’এ ব্যাপারে জানতে চাইলে ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক জহুরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে গিয়ে বিষয়টি দেখেছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করেছি।’ সংশ্লিষ্ট কর্মকর্তা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কালভার্টের স্থান আমি নির্ধারণ করিনি। কোথায় কালভার্ট হবে, সে স্থান নির্ধারণ করেন স্থানীয় জনপ্রতিনিধি।’স্থানীয় সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ জায়গা আমি নির্ধারণ করিনি। যিনি আমার নাম বলেছেন, তিনি সঠিক বলেননি। দক্ষিণখানের ওই পানির মধ্যে আমি কেন যাব?’মানিকদিয়ায় নৌপথও বন্ধ: সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়নের মানিকদিয়ার দেবধোলাই খালের ওপর নির্মিত কালভার্টটি পানির মধ্যে। এর দুই পাশে কোনো রাস্তা নেই। কালভার্টের কারণে এখন নৌপথটিও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।স্থানীয় বাসিন্দারা জানান, এটি এলাকার নিচু বিলাঞ্চল। বিলের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালটির নাম দেবধোলাই খাল। খালের এই অংশে এখনো নৌকা ও ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) চলাচল করে। তবে কালভার্টটি হওয়ার পর এখন নৌপথটি বন্ধ হয়ে যাচ্ছে। কালভার্টটি তৈরি করেছে শহিদুল ইসলাম বিল্ডার্স।সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘নতুন কালভার্টটি পানির মধ্যে ডুবে আছে। শুষ্ক মৌসুমে পানি কমে গেলে কালভার্টের চারপাশের সব জায়গা ভরাট করে কেউ দখল করে নেবে।’বাড্ডা ও নাসিরাবাদে কালভার্টে উঠতে বাঁশের সাঁকো: বাড্ডা সড়কের শেষ প্রান্তে বেরাইদ বাজার। এই বাজারের সঙ্গে দক্ষিণ দিকের খালটি তুরাগের সঙ্গে বেরাইদকে যুক্ত করেছে। খালের মধ্যে ১২ মিটার লম্বা একটি কালভার্ট বানানো হয়েছে। খালটি কালভার্টের কয়েক গুণ প্রশস্ত। এখন কালভার্টের দুই দিকে মাটি ফেলে খাল ভরাট করা হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন, কালভার্ট-সমান রেখে এখন প্রভাবশালী ব্যক্তিরা বাকি নদীটি ভরাট করে দখলে নিয়ে নেবেন।এখন কালভার্টের দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয় বাসিন্দারা চলাচল করছে। সজীব এন্টারপ্রাইজ এই কালভার্ট তৈরি করেছে।একই অবস্থা নাসিরাবাদ ইউনিয়নের কালভার্টটিরও। সবুজবাগ থানার মানিকদিয়া সড়কের একেবারে শেষ প্রান্তে এই কালভার্ট তৈরি করেছে জলিল অ্যান্ড ব্রাদার্স। সংযোগ সড়ক না থাকায় দুই দিকে বাঁশের সাঁকো লাগিয়ে কালভার্টটি পার হচ্ছে লোকজন। আবার কালভার্ট পার হয়ে মাত্র ২০০ গজের মতো কাঁচা রাস্তা। চলাচলের আর কোনো ব্যবস্থা নেই।কামরাঙ্গীরচরে কালভার্টে যেতে নৌকা লাগে: পুরান ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ও নবাবগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গার বিলুপ্তপ্রায় শাখা নদীতে একটি এবং কামরাঙ্গীরচরের কালুনগর মৌজায় একই নদীর মাঝখানে আরেকটি কালভার্ট বানানো হয়েছে। কালভার্টের চারদিকে পানি আর পানি। পাশের বেড়িবাঁধে দাঁড়ালে দূরে নিঃসঙ্গ কালভার্ট দুটি দেখা যায়। কালভার্টের কাছে যেতে হয় নৌকায় করে।কালভার্ট দুটি তৈরি করেছে মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক ঠিকাদার মোহাম্মদ মাজেদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকারি কর্মকর্তারা আমাদের যেখানে বানাইতে কইছে, আমরা সেখানে বানাইছি। আমাদের দোষ কী বলেন?’ তিনি বলেন, পানি ভরাট করে এই কালভার্ট তৈরি করা হলেও এগুলো চলাচলের উপযোগী করতে এর দুই পাশে অনেক টাকার মাটি ফেলতে হবে। সরকারের বরাদ্দ কম। তাই এগুলো পরিত্যক্ত পড়ে আছে।হাজারীবাগে পুকুরে কালভার্ট: হাজারীবাগে ট্যানারির পেছনে বটতলা নামা সিঁড়ির ঘাটসংলগ্ন ছোট্ট জলাশয়ে কালভার্ট তৈরি করা হয়েছে। কালভার্টটি ব্যবহার করে কোথা থেকে কোথায় যাওয়া হবে, তা কেউ জানে না। কারণ এর এক মাথায় একটি পুকুর। পুকুরে সাইনবোর্ডে লেখা: ‘জমি ০৫ কাঠা, হাজী জানে আলম ছাত্রাবাস।’ রহমান অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কালভার্টটি তৈরি করেছে।