খালেক হিমাগারে আলু থেকে অঙ্কুর বের হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাগঞ্জ খালেক হিমাগারে রাখা আলু থেকে অঙ্কুর বের হচ্ছে। পচেও গেছে ৬৩৫ বস্তা আলু। স্থানীয় সাংসদ ২৬ মে হিমাগার পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ৬ মে কৃষক ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলেন। কৃষকের অভিযোগ, হিমাগার কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় তাঁদের সংরক্ষণ করা আলু পচে যাচ্ছে। এ ঘটনা ধামাচাপা দিতে হিমাগার কর্তৃপক্ষ রাতের আঁধারে পচা আলু হিমাগার থেকে ট্রাকে অন্যত্রে সরিয়ে ফেলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, কৃষকেরা অভিযোগ করায় ঘটনা তদন্ত করার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াজেদ বলেন, হিমাগারে রাখা বেশ কিছু আলু থেকে অঙ্কুর বের হয়েছে। এ ছাড়া এই হিমাগারটি বীজ আলু রাখার জন্য উপযোগী নয়। এটি খাওয়ার আলু রাখার জন্য। হিমাগারটি সংস্কার করারও প্রয়োজন রয়েছে। তদন্ত প্রতিবেদনে এ কথাগুলো উল্লেখ করা হয়েছে। স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ মে হিমাগারটি পরিদর্শন করেছি। ভেতরে রাখা বেশ কিছু আলু থেকে অঙ্কুর বের হয়েছে। এ নিয়ে হিমাগার মালিকের সঙ্গে ওই দিনেই বৈঠক করেছি। তিনি নষ্ট হওয়া আলুর ক্ষতিপূরণ কৃষকদের দিতে চেয়েছেন।’ হিমাগারের পরিচালক কাজী মোস্তাক আহম্মেদ বলেন, ‘আলুর অঙ্কুর বের হোক আর যা-ই বের হোক না কেন স্থানীয় সাংসদের সঙ্গে এ নিয়ে তো বৈঠক হয়েছে। বৈঠকে আমি বলেছি, কৃষকেরা দূষিত আলু রাখায় ৬৩৫ বস্তা আলু পচে গেছে। আর কোনো আলু পচে যাওয়ার সম্ভাবনা নেই। তার পরও যদি আলু পচে যায় অবশ্যই সেই কৃষককে ক্ষতিপূরণ দেব।’