খালেকের আয় বেড়েছে সাড়ে চার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেকের বার্ষিক আয় চার কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা। সম্প্রতি জমা দেওয়া হলফনামায় তিনি এ তথ্য দেন। ২০০৮ সালে মেয়র প্রার্থী হিসেবে দেওয়া তাঁর হলফনামায় বার্ষিক আয় দেখানো ছিল মাত্র তিন লাখ ৬২ হাজার টাকা। সেই হিসাবে গত পাঁচ বছরে বিদায়ী এই মেয়রের বার্ষিক আয় বেড়েছে সাড়ে চার কোটি টাকারও বেশি। এই সময়ে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণও বেড়েছে। তাঁর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয়ও বেড়েছে ৪৮ লাখ টাকা।এই অস্বাভাবিক আয় বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে আবদুল খালেক বলেন, ‘গত পাঁচ বছরে বৈধভাবে ব্যবসা করে আমি এই আয় করেছি।’ আবদুল খালেকের এবারের হলফনামা থেকে জানা যায়, তিনি তিন কোটি ৮০ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ এবং ২৩ বিঘা কৃষিজমি ও প্রায় তিন কোটি ৬২ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদেরও মালিক। খালেক ও তাঁর ওপর নির্ভরশীলদের কৃষি খাত থেকে বার্ষিক আয় ৮৩ হাজার ২০০ টাকা এবং বাড়িভাড়া থেকে আয় ৯৫ হাজার টাকা। গতবারে এই দুই খাত থেকে তাঁর আয় ছিল এক লাখ ৪০ হাজার টাকা। এবার তিনি মাছের ঘের থেকে তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন চার কোটি ৫০ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। গতবারে আয়ের হিসাবে এ খাতটি ছিল না। এবার তিনি তাঁর ওপর নির্ভরশীলদের আয় দেখিয়েছেন ৫০ লাখ টাকা, যা গতবারে ছিল এক লাখ ৩০ হাজার টাকা। আবদুল খালেকের মেয়র হিসেবে পারিতোষিক ছিল পাঁচ লাখ ৭৩ হাজার টাকা ও ভাতা পাঁচ লাখ ২৮ হাজার টাকা। সাংসদ হিসেবে তাঁর স্ত্রীর বার্ষিক পারিতোষিক তিন লাখ ৩০ হাজার টাকা ও ভাতা ১১ লাখ টাকা। খালেকের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজের নামে নগদ ৯১ লাখ ৭৪ হাজার টাকা ও স্ত্রীর নামে এক কোটি ৭৬ হাজার টাকা। ব্যাংকে আছে তাঁর আট লাখ ৭০ হাজার টাকা ও স্ত্রীর ২৬ লাখ ৮১ হাজার টাকা। নিজের নামে শেয়ার আছে দুই কোটি টাকার। খালেকের নিজের নামে স্থায়ী আমানত ১০ লাখ টাকা ও পোস্টাল স্থায়ী আমানত ১৮ লাখ টাকা এবং স্ত্রীর নামে স্থায়ী আমানত ৩০ লাখ টাকা। স্ত্রী ও তাঁর নিজের গাড়ি আছে তিনটি, যার মূল্য ৯৭ লাখ টাকা।আবদুল খালেক গতবার হলফনামায় উল্লেখ করেন, তাঁর নিজের নামে ৫৭ হাজার ৫৫৫ টাকা, ব্যাংকে জমা ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ ২৮ লাখ টাকা রয়েছে। স্ত্রীর নামে নগদ ২৮ হাজার ৭৫০ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ ৫০ লাখ টাকা রয়েছে। স্ত্রীর নামে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে দেনা ছিল সাত লাখ ২৮ হাজার টাকা। এবার সেখানে দেনা দেখানো হয়েছে তিন লাখ ৮৫ হাজার টাকা। এবার অস্থাবর সম্পত্তি হিসেবে স্ত্রীর স্বর্ণালংকার ২৫ ভরি, ইলেকট্রনিকস সামগ্রীর মধ্যে চারটি ফ্যান, টিভি, ফ্রিজ ও ওভেনের দাম ৭৫ হাজার টাকা, দুটি খাট, আলমিরা, সোফাসেট ও খাবার টেবিলের দাম ৫০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। স্থাবর সম্পদের মধ্যে এবার পৈতৃকসূত্রে পাওয়া ২৩ বিঘা কৃষিজমির কথা বলা হয়েছে, গতবার যা ২২ বিঘা উল্লেখ করা হয়েছিল। গতবার ও এবার জমিসহ পাঁচতলা বাড়ির অর্ধেকের মূল্য ৩১ লাখ টাকা উল্লেখ করা হয়। এবার মাছের ঘেরে বিনিয়োগ দেখানো হয়েছে দুই কোটি ৮৫ লাখ টাকা, যা গতবার ছিল না। এবার স্থাবর হিসেবে দশমিক ০৪৯৫ একর জমির দাম ৮৭ হাজার টাকা, পৃথক দশমিক ০৪৯৫ একর জমির দাম ৮৫ হাজার টাকা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল প্রকল্পের কিস্তি জমা ২২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। আবদুল খালেক হলফনামায় শিক্ষাগত যোগ্যতা লিখেছেন বিএ পাস। তাঁর পেশাও পরিবর্তন হয়েছে। তিনি এখন মৎস্য ঘের ব্যবসায়ী। গতবার সুনির্দিষ্ট পেশা ছিল না।মনিরুজ্জামান: আরেক মেয়র পদপ্রার্থী খুলনা মহানগর বিএনপির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের হলফনামায় দেখা যায়, ব্যবসা থেকে বার্ষিক আয় দুই লাখ টাকা। গত নির্বাচনে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছিল আট লাখ টাকা। এবার মনিরুজ্জামানের অস্থাবর সম্পদ দেখানো হয়েছে, নিজের ২২ লাখ টাকা ও স্ত্রীর তিন লাখ টাকা। স্ত্রীর নামে শেয়ার আছে দুই লাখ টাকার।মনিরুজ্জামানের স্থাবর সম্পদের মধ্যে নিজের নামে আড়াই কাঠা অকৃষিজমি ও স্ত্রীর নামে ৫ দশমিক ১২ কাঠা জমি। গতবার তাঁর নামে দেখানো হয়েছিল ১৬ লাখ টাকা। অন্য তিন প্রার্থী বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, মহানগর বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য সেকেন্দার জাফরুল্লাহ খান, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম ও খুলনা মহানগর মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলামও হলফনামা সম্পদ ও আয়ের বিবরণ দিয়েছেন। দুই প্রার্থীর বার্ষিক আয়আবদুল খালেক: ৪,৬৭,৪২,০০০মনিরুজ্জামান: ২,০০,০০০