মার্কিন দলিলে পঁচাত্তরের নভেম্বরে ঢাকার বাইরের সেনানিবাসগুলোরও একটি চিত্র পাওয়া গেছে। তবে সূত্র মার্কিন কর্তৃপক্ষ নয়, ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে একটি সমীক্ষা চালায়। এতে দেখা যায়, ঢাকার বাইরে বিদ্রোহের ছোঁয়া লাগলেও বড় ধরনের সংঘাত হয়নি। ৭ নভেম্বরের ঘটনায় প্রাণহানির বিষয়ে ডেভিস ইউজিন বোস্টারের বিবরণীতে ৩০ জন অফিসার নিহত হওয়ার ধারণা নাকচ করেছেন সাংসদ ও জাসদের নেতা হাসানুল হক ইনু। তিনি ছিলেন কর্নেল তাহেরের সেকেন্ড-ইন-কমান্ড। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের হিসাবে ১২ জন সেনা অফিসার ও চার-পাঁচজন সৈনিক নিহত হন। ৬ নভেম্বর দিবাগত রাত একটায় প্রথম গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা ঘটে। আমরা রাত ১২টায় প্রথম গুলি করার দায়িত্ব দিয়েছিলাম নায়েব সুবেদার মাহবুবুর রহমানকে। কিন্তু তিনি গ্রেপ্তার হন। সেপাইদের প্রতি নির্দেশ ছিল, তারা অফিসার মারবে না। তারা সেটা মান্য করে। ৬ নভেম্বর রাত একটা থেকে ভোর পর্যন্ত দুজন সেনা নারী চিকিৎসক নিহত হন। সেপাইরাই এটা করে। ৭ নভেম্বর সকাল সাতটা থেকে আটটার মধ্যে খালেদ মোশাররফ, লে. কর্নেল হায়দার ও লে. কর্নেল হুদা নিহত হন। শেরেবাংলা নগরে সংসদ ভবনসংলগ্ন এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প ছিল। সেখানে এই তিনজন নাশতা করছিলেন। এ সময় সেখানে দুজন তরুণ ক্যাপ্টেন হাজির হন। তাঁরা দুজনই মুক্তিযোদ্ধা ও খালেদ মোশাররফের অধীন দশম বেঙ্গলে চাকরি করতেন। কাউকে খুশি করার জন্য তাঁরা এই কাজ করেন। পদোন্নতি পেয়ে তাঁরা মেজর হন। তাঁরা পরে সেনাবাহিনী থেকে অবসর নেন। দুজনই বেঁচে আছেন।’ তিনি আরও বলেন, ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সামরিক বাহিনীর সব ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা উচিত। তাতে ইতিহাসের অনেক অজানা সত্য বেরিয়ে আসবে।ঢাকার বাইরে: ২২ নভেম্বর, ১৯৭৫ ঢাকার মার্কিন দূতাবাসের উপপ্রধান আরভিং চেসলো উল্লেখ করেন, ‘বাংলাদেশের নিরাপত্তা-পরিস্থিতি সম্পর্কে একটি তুলনামূলক সমীক্ষা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্পেশাল ব্রাঞ্চ, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর, অন্যান্য সামরিক ও সরকারি সূত্র যা বলেছে তা নিম্নরূপ। চট্টগ্রাম: বন্দরের কার্যক্রম স্বাভাবিক। তবে ১৩ নভেম্বরে নৌঘাঁটিতে বিদ্রোহ হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে দৃশ্যত কোনো সমস্যা হয়নি। নোয়াখালীতেও কোনো ঝামেলা হয়নি। পটুয়াখালী ও কুমিল্লা শান্ত ছিল। সিলেটে বাংলাদেশ রাইফেলস সীমান্তজুড়ে সক্রিয় রয়েছে। কিন্তু চাল চোরাচালানের ঘটনা হঠাৎ বেড়ে গেছে। ধরমপাশায় চোরাচালানজনিত কারণেই ঝামেলা সৃষ্টি হয়। ভারতীয় কোনো হস্তক্ষেপ ছিল না। ময়ময়সিংহ: ভারতের সঙ্গে হালুয়াঘাট এলাকার ১৫ মাইল দীর্ঘ সীমান্ত ঝামেলাপূর্ণ রয়ে গেছে। এর কারণ কাদের সিদ্দিকী ও তাঁর অনুসারীদের তৎপরতা। তবে ভারতের ভূমিকা শুধু কাদের সিদ্দিকীকে আশ্রয়দানের মধ্যেই সীমিত বলেই আমরা জানতে পেরেছি।’ চেসলো এ প্রসঙ্গে উল্লেখ করেন, ‘আমরা এটা সত্যি বলে ধরে নিই, সমর্থন করি।’চেসলোর ওই তারবার্তায় আরও উল্লেখ করা হয়, ‘কাদের সিদ্দিকী ও তাঁর অনুসারীরা দৃশ্যত টাঙ্গাইল এলাকা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে তাঁরা ভারত সম্পর্কে বাড়তি সন্দেহ-সংশয় সৃষ্টি করে গেছেন। রংপুর: রংপুর সেনানিবাসে বিদ্রোহের ঘটনা ঘটে শুধু এক দিন, ৮ নভেম্বর। লে. কর্নেল জাফর ইমামকে নিয়ে সেখানে অসন্তোষের কারণ ঘটে। জাফর ইমাম খালেদা মোশাররফের সমর্থক। ৭ নভেম্বরে তিনি পালিয়ে যান এবং কথিতমতে ঢাকা সেনানিবাসের কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন। শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে রংপুরে একটি ইউনিটকে পার্শ্ববর্তী দিনাজপুরে পাঠানো হয়েছিল। দিনাজপুর জেলা কর্তৃপক্ষ ৮ ও ৯ নভেম্বর পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারণ সামরিক বাহিনী ও পুলিশ বিদ্রোহ করেছিল। কিন্তু এখন পরিস্থিতি শান্ত। বগুড়া ও রাজশাহীতে কোনো সমস্যা নেই। সংঘাতের খবর পাওয়া গেছে কুষ্টিয়া থেকে। তবে সেটা ঘটেছে সীমান্ত এলাকায়। চোরাচালান নিয়ন্ত্রণ করতে গিয়ে সেটা ঘটে। যশোরে কোনো সমস্যা নেই। বেনাপোল সীমান্ত দিয়ে সহজেই যাতায়াত চলছে। খুলনায় সীমান্তের উভয় দিকের চোরাচালানিরা বন বিভাগের কর্মকর্তাদের হয়রানি করছে। কিন্তু সেখানে অন্য কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। ফরিদপুর ও বরিশালেও কোনো সমস্যা নেই। যদিও সান্ধ্য আইন অব্যাহত রয়েছে।’রব-জলিলের বিবৃতি: মার্কিন দূতাবাসের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হওয়ার অন্যতম কারণ হলো, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটেছে। জাসদকে নিয়ে যতটা মাতামাতি হয়েছিল, তার প্রকোপ কমে গেছে। এখন এটা স্পষ্ট হয়েছে যে, সাধারণ সৈনিকদের মধ্যে তাদের জনপ্রিয়তা গোড়ায় যতটা চিন্তা করা হয়েছিল, তার চেয়ে অনেক কম। জাসদের বিলি করা প্রচারপত্রে (মধ্য নভেম্বরে বিলি করা) আগের চেয়ে সুর নরম করা হয়েছে। রব-জলিল এক যৌথ বিবৃতিতে খালেদ মোশাররফকে ‘বিশ্বাসঘাতক’ এবং ‘ভারত, রাশিয়া ও আমেরিকার উসকানিতে বাংলাদেশের অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত’ করেছিলেন বলে উল্লেখ করেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গতকাল আ স ম আবদুর রব বলেন, ‘ওই বিবৃতির বিষয়টি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না।’ হাসানুল হক ইনু বলেন, ‘আমরা জাসদের কোনো দলিলে কখনো খালেদ মোশাররফ সম্পর্কে এমন মত দিইনি। চুয়াত্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও দিতে গিয়ে রব-জলিলের সঙ্গে আমিও আটক হই। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে কারা চত্বর থেকে বেরিয়ে আসি। রব-জলিল ছাড়া পান ৮ নভেম্বর। খালেদ মোশাররফ একজন মুক্তিযোদ্ধা। তবে তিনি উচ্চাভিলাষী, অবৈধ ক্ষমতা দখলকারী ও সামরিক শাসনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠাকারী।’মার্কিন দূতাবাসের ১২ নভেম্বরের ওই তারবার্তায় বলা হয়, ‘৭ নভেম্বর এবং তার পরের ঘটনাপ্রবাহে জাসদের ভূমিকা যে খুবই ক্ষীণ, তার অকাট্য প্রমাণ হচ্ছে এই প্রচারপত্র। আমরা এখন বুঝতে পারি, জেনারেল জিয়ার সঙ্গে তাহের নিজেকে সম্পৃক্ত করার চেষ্টায় ব্যর্থ হয়েছিলেন। এর পরই তাহের দৃশ্যপটের আড়ালে চলে যান। জিয়া জাসদের তৎপরতার সঙ্গে একেবারেই জড়িত নন। আমাদের জানামতে, তাহেরকে ঢাকা সেনানিবাসে আর দেখা যায়নি। তাঁর অফিসে নয়, নারায়ণগঞ্জের বাড়িতেও নয়। বাঙালিদের অনুমান, তাহের আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন।’ উল্লেখ্য, ৭ নভেম্বর তাহেরকে জিয়ার সঙ্গে সেনানিবাসে ঘুরে বেড়াতে দেখা যায় বলে বোস্টার উল্লেখ করেছেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ইনু বলেন, ‘তাহের ও আমার মূল পরিকল্পনায় জিয়াকে গ্রেপ্তার করে আনার নির্দেশ ছিল। হাবিলদার আবদুল হাই মজুমদারের দায়িত্ব ছিল বন্দী জিয়াকে মুক্ত করা এবং তাঁকে ৩৩৬ নম্বর এলিফ্যান্ট রোডের বাসায় নিয়ে আসা। সেখানে তাহের ও আমি জিয়ার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু আমাদের এ পরিকল্পনা সফল হয়নি।’অরাজনৈতিক: ১০ নভেম্বর, ১৯৭৫ ডেভিস বোস্টার এক তারবার্তায় ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঘটনাগুলো বিশ্লেষণ করেন। তাঁর কথায়, ‘আমরা তিনটি উপসংহারে পৌঁছাতে পারি। প্রথমত, অভ্যুত্থান ও পাল্টা-অভ্যুত্থানের ঘটনা অরাজনৈতিক। এর মধ্যে যদিও মোশাররফকে ভারতপন্থী বলে গণ্য করার একটা বাড়তি অসুবিধা ছিল। যারা মোশতাক ও মেজরদের উৎখাত করেছে, তাদের প্রাথমিক লক্ষ্য ছিল মেজররাই। পাল্টা-অভ্যুত্থান ঘটিয়েছে নিম্নপদস্থরা। তাদের কাছে খালেদ মোশাররফের চেয়ে জিয়া পছন্দনীয় ছিলেন। উপরন্তু মোশাররফের আনুগত্য কোথায় (ভারতের দিকে ইঙ্গিত) ছিল, তা নিয়ে তাঁরা সন্দিহান ছিলেন। বিশ্বাস করার কোনো কারণ নেই যে, গত সপ্তাহের কোনো একটি সরকারও (তিনটি সরকারের পালাবদল ঘটে) চরিত্রগতভাবে আমেরিকাবিরোধী এবং ভারতপন্থী কিংবা সোভিয়েতপন্থী। দ্বিতীয়ত, এই সপ্তাহে বাংলাদেশে যা ঘটেছে তাতে ভারত দায়ী, তেমন প্রমাণ আমাদের হাতে নেই। তৃতীয়ত, কীভাবে এই সমাজের শীর্ষ নেতৃত্ব থেকে নিচ পর্যন্ত কত শক্তিশালী ও বিস্তৃতভাবে ভারত-বিরোধিতা অনুভূত হতে পারে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া গেল। যদিও আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে, মোশাররফ ভারতপন্থী, কিন্তু তাঁকে সেভাবেই চিহ্নিত করা হয়েছে। তাঁকে উৎখাতের ঘটনায় ভারত-বিরোধিতার সুরই ছিল চড়া।’যৌথ ভাষণ: ৭ নভেম্বর, ১৯৭৫ বোস্টার এক তারবার্তায় উল্লেখ করেন, ‘সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ও রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদত সায়েম আজ রাত ১০টায় একই সঙ্গে বেতার ভাষণ দেন। মোশতাক তাঁর বক্তৃতায় স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের সম্মান সংরক্ষণে সাহসিকতার সঙ্গে “বিপ্লব” সফল করায় সশস্ত্র বাহিনীর সকল বিভাগের প্রতি শ্রদ্ধা জানান।’ তিনি বলেন, জাতির এখন প্রয়োজন অরাজনৈতিক নেতৃত্ব। রাষ্ট্রপতি সায়েমের ভাষণের আগে জাতীয় সংগীত বাজানো হয়।পরবর্তী সরকারি কার্যক্রম সম্পর্কে বোস্টার লিখেছেন, ‘রাষ্ট্রপতি সায়েম প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তাঁকে সহায়তা দেবেন তিন উপপ্রধান সামরিক আইন প্রশাসক—সেনাপ্রধান জিয়াউর রহমান, বিমানবাহিনীপ্রধান তোয়াব ও নৌপ্রধান কমোডর এম এইচ খান। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর জন্য চার আঞ্চলিক সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হবে। সামরিক আইন প্রশাসককে সহায়তা দিতে বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি পরিষদ (উপদেষ্টা) গঠন করা হবে। একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রথম পদক্ষেপ হিসেবে সায়েম রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবেন। শুধু দেখা হবে, যাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের নেই।’প্রথম শুনলাম: জিয়ার নিজের জবানিতে জাসদ ভারতের সৃষ্টি ও ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের টাকা দেয়—মার্কিন দলিলে এ-সংক্রান্ত তথ্যের বিষয়ে মন্তব্য চাওয়া হলে হাসানুল হক ইনু বলেন, ‘এ ধরনের কথা এই প্রথম শুনলাম। জিয়া কিংবা বিএনপির কোনো নেতার মুখে এ কথা আমরা কখনো শুনিনি। জাসদের জন্ম সেনাছাউনিতে গোয়েন্দা বিভাগের অনুকূল্যে বিএনপির জন্মের অনেক আগে। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যুবকদের স্বপ্ন নিয়ে প্রকাশ্যে জাসদ যাত্রা শুরু হয়েছিল।’ভাসানির ভৎর্সনা: ১৩ নভেম্বর বোস্টার এক তারবার্তায় বলেন, ‘এক প্রতিবেদন অনুযায়ী, বিদ্রোহী সিপাইরা টাঙ্গাইলের সন্তোষে জননেতা মাওলানা ভাসানীর কাছে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল। খালেদ মোশাররফের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরপরই ওই প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। আমাদের বলা হয়েছে, মাওলানা বিদ্রোহী সৈনিকদের সৃষ্ট বিশৃঙ্খলার জন্য তিরস্কার করেন। ভাসানী প্রশ্ন রেখেছিলেন, তারা নিজেদের সেনাবাহিনীর নেতৃত্বদান এবং দেশ পরিচালনার জন্য যোগ্য ভাবে কি না? তিনি তাদের নিজ ইউনিটে ফিরে যেতে পরামর্শ দেন এবং বলেন, অন্যথায় বাংলাদেশ আরও বিপদে পড়বে।’গতকাল এ প্রসঙ্গে ভাসানী গবেষক ও প্রথিতযশা সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, ‘৭ নভেম্বর সকালে হেলিকপ্টারযোগে সিপাইদের একটি দল গিয়েছিল। তাদের দেখামাত্রই মাওলানা বললেন, তোমরা তো খালেদ বিন ওয়ালিদের মতো বীরের কাজ করেছ। প্রশংসাসূচক এ কথা শুনে তারা প্রথমে সন্তুষ্ট হয়। কিন্তু এরপর তিনি নাটকীয়ভাবে বলেন, খামোশ। দেশটা কি তোমরা, না রাজনীতিকেরা সৃষ্টি করেছেন? দেখো, আমি যত চুন খেয়েছি, তোমরা তত দই খাওনি।’এ ধরনের কথাবার্তার পর ওই প্রতিনিধিদল ফিরে আসে।১৩ নভেম্বর ওই তারবার্তার শিরোনাম ছিল ‘সামরিক আইন প্রশাসনের প্রতি মাওলানা ভাসানীর সমর্থন’। এতে বলা হয়, ‘১২ নভেম্বর জাতির সার্বভৌমত্ব রক্ষায় এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সরকারকে সহায়তা দিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুসারে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কতিপয় বিদেশি শক্তি দেশের ভেতরে ও বাইরে চক্রান্ত করছে বলে মাওলানা উল্লেখ করেন। তাদের লক্ষ্য হলো, সেনাবাহিনীতে ভুল বোঝাবুঝি সৃষ্টি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খাটো করা। ১১ নভেম্বর ডিসিএমএলএ জিয়াউর রহমানের বক্তব্যের প্রতিধ্বনি তোলেন তিনি। তিনি সশস্ত্র বাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে থাকতে এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি সৈনিকদের চাহিদা পূরণের কথাও বলেন। দেশের অখণ্ডতা রক্ষায় সক্ষম একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনে তাদের সুসজ্জিত করার দাবি জানান। আমাদের জানামতে, তিনি তাঁর বক্তব্য শেষ করেন এই বলে যে, বিশ্বসভায় বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মর্যাদার সঙ্গে দাঁড়াবে।’বোস্টার এ পর্যায়ে মন্তব্য করেন, মাওলানা যদিও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মৈত্রী ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ার কথা বলেছেন, তবে তিনি অবশ্যই ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হিসেবে মনে করেন। তাঁর মুখে বিশ্বসভা ও ধর্মনিরপেক্ষতা শব্দ উচ্চারিত হয়েছে ভারতকে চিন্তামুক্ত রাখতেই।