খালেদ মেশাল হামাসের নেতা পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোতে এক দীর্ঘস্থায়ী রুদ্ধদ্বার বৈঠকের মধ্যদিয়ে হামাস খালেদ মেশালকে আবার তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে। আজ মঙ্গলবার সংগঠনটির এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।৫৬ বছর বয়সী মেশাল প্রথমদিকে রক্ষণশীল হিসেবে পরিচিত থাকলেও আরব বিশ্ব ও কয়েকটি পশ্চিমা দেশের কাছে বর্তমানে তিনি কিছুটা নমনীয় নেতা হিসেবে পরিচিত। ২০০৪ সাল থেকে মেশাল হামাসের নেতা হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। হামাস ইসরায়েল রাষ্ট্রটির অস্তিত্বকে অস্বীকার করে এবং গাজায় ফিলিস্তিনিদের আধিপত্য চায়। রয়টার্স জানায়, রামাল্লায় জন্ম নেওয়া মেশাল আরব বিশ্বে ছড়িয়ে পড়া ‘আরব বসন্তের’ সময় হামাসকে দিকনির্দেশনা দিয়েছেন। প্রায় এক দশক নির্বাসিত জীবন কাটানোর পর গত ডিসেম্বরে মেশাল গাজায় ফেরেন। এর প্রায় এক বছর আগে মেশাল সিরিয়া ত্যাগ করেন। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মেশাল সিরিয়া ছেড়ে চলে যান। মেশালের এক পুরোনো বন্ধুর বরাত দিয়ে রয়টার্স জানায়, মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটিয়ে গত নভেম্বরে মেশাল ইসরায়েলের সঙ্গে একটি সাময়িক যুদ্ধবিরতি করতে সক্ষম হন এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সম্পর্কের উন্নতি ঘটান। গতকাল সোমবার কায়রোতে অনুষ্ঠিত হামাসের ওই বৈঠকের পর এক কর্মকর্তা সংক্ষিপ্ত বার্তায় জানান, ‘মেশাল পুনর্নির্বাচিত হয়েছেন।’ তবে বার্তায় বিস্তারিত কিছু বলা হয়নি। ওই বৈঠকে হামাসের ৬০ জন শীর্ষস্থানীয় নেতা মেশালকে তাঁদের নেতা হিসেবে পুনরায় নির্বাচন করেন।এক কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, মেশালের হামাস নেতা হিসেবে পুনর্নির্বাচনের ক্ষেত্রে মিসর ও কাতারের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। ওই কূটনীতিক বলেন, তারা (মিসর ও কাতার) মেশালকে মধ্যপন্থী এবং এমন একজন নেতা হিসেবে দেখেন, যিনি বিশ্বকে হামাসের অন্যান্য নেতাদের চেয়ে অন্য চোখে দেখেন।