খালেদা অবৈধভাবে সেনানিবাসের বাড়ি দখলে রেখেছিলেন: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবৈধভাবে সেনানিবাসের বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল। সম্প্রতি আদালতের রায়ে তা প্রমাণিত হয়েছে। আদালত ৩০ দিনের মধ্যে তাঁকে ওই বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন। তিনি অবৈধভাবে বাড়িটি দখলে রেখেছিলেন।আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাচারীপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকলেই জনগণের বা সেনাবাহিনীর সম্পত্তি দখল করে রাখা যায় না। আদালতের রায়ে তা-ই প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা সফলভাবে দেশ পরিচালনা করছেন দেখে বিরোধী দল দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা বিডিআর বিদ্রোহ, নাটোরে হত্যা, কুমিল্লায় সশস্ত্র হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে টোকা দিলেই পড়ে যাবে।’কৃষিমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দল লাশের রাজনীতিতে নেমেছে। তাদের এখন লাশ প্রয়োজন। সিরাজগঞ্জে ট্রেনে যখন আগুন জ্বলছিল, খালেদা জিয়া তখন বক্তব্য দিচ্ছিলেন। তাঁর কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই।মণ্ডপ পরিদর্শনের সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মো. নাছিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা প্রমুখ।