বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভোলা-৩ আসনে সেনাবাহিনী মোতায়েন না করে সরকার একতরফা নিজের স্বার্থে নির্বাচন করলে তাদের পতনের জন্য দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে। আজ বৃহস্পতিবার সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের ওপর ভোলায় হামলার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। নাজিম উদ্দিন আলমের সুচিকিত্সা এবং তাঁর ওপর আক্রমণকারীদের গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন তিনি। বিএনপির চেয়ারপারসন বিবৃতিতে বলেন, ২৪ এপ্রিল ভোলা-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের প্রধান সমন্বয়কারী সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ তাঁকে দেখতে লালমোহন হাসপাতালে গেলে তাঁর ওপর সেই সন্ত্রাসীরাই পুনরায় আক্রমণ চালায়। এ ঘটনার মধ্য দিয়ে ভোলার আগামী উপনির্বাচনের পরিণতি এবং সরকারের অশুভ পরিকল্পনা সম্পর্কে জনমনে আশঙ্কা সৃষ্টি হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ইতিপূর্বে বারবার ওই নির্বাচনী এলাকায় আওয়ামী-সন্ত্রাসের আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েনের জন্য দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। কিন্তু বিএনপির অভিযোগ আমলে না নিয়ে কমিশন এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। বিএনপির চেয়ারপারসন ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের পক্ষ থেকে নির্বাচনী এলাকায় আওয়ামী সশস্ত্র বহিরাগত সন্ত্রাসীদের তাণ্ডবে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি এবং বিএনপির নির্বাচনী সভা ও প্রচার প্রপাগান্ডা বাধা দেওয়া ইত্যাদি বিষয়ে প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে অবহিত করার পরও দিন দিন সরকারি সন্ত্রাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।