খালেদা একজন নিষ্ঠুর, নির্দয় মহিলা: ১৪ দল
হেফাজতে ইসলামের পক্ষ নেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘একজন নিষ্ঠুর ও নির্দয় মহিলা’ বলে অভিহিত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। একই সঙ্গে হেফাজতের নৈরাজ্যে ও সহিংসতার জন্য খালেদা জিয়া এবং হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ১৪ দলের নেতারা এসব কথা বলেন।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, হেফাজতে ইসলামকে মতিঝিলে বসিয়ে খালেদা জিয়া অসত্ উদ্দেশ্য, ষড়যন্ত্র করে অন্যকিছু পেতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার দক্ষতা, সময়োচিত ও সাহসী সিদ্ধান্তের কারণে ওই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা করার পর খালেদা জিয়ার আলটিমেটাম বাস্তবায়নে বিকেলে হেফাজতে ইসলাম সমাবেশের ঘোষণা দেয়। তারা চেয়েছিল হেফাজতেকে সকাল পর্যন্ত রেখে, পরের দিন জামায়াত-বিএনপির আরও নেতা-কর্মীকে জড়ো হয়ে ঢাকাকে তছনছ করা।মতিঝিলে মধ্যরাতে ‘একাত্তরের মতো গণহত্যা চালিয়ে হেফাজতে ইসলামকে উচ্ছেদ করা হয়েছে’ বিএনপির নেতাদের এমন অভিযোগের বিষয়ে সাবেক এই মন্ত্রী বলেন, তাঁরা কথায় কথায় একাত্তরের গণহত্যার সঙ্গে তুলনা করেন। এ কথা বলে তাঁরা একাত্তরের গণহত্যাকে খাটো করতে চান। তিনি বলেন, যে এম কে আনোয়ার ১৯৬৯ সালের ২০ ও ২৪ জানুয়ারি ঢাকার জেলা প্রশাসক থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর গুলির নির্দেশ দিতে পারেন, তাঁর মুখে এ ধরনের গণহত্যার মতো মিথ্যাচার অপ্রত্যাশিত নয়।সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘খালেদা জিয়ার আলটিমেটামের কার্যকারিতা ব্যর্থ হয়েছে। তবে তাঁর নির্দেশে বায়তুল মোকাররম, পল্টন, মতিঝিল এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এই এলাকার সাংসদ হিসেবে আমি খালেদা জিয়ার নিকট ক্ষতিপূরণ দাবি করছি।’ কোনো অস্ত্র ব্যবহার না করেই হেফাজতে ইসলামকে ওই এলাকা থেকে বের করে দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, হেফাজতে ইসলামকে সমর্থন দিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা। তিনি বলেন, খালেদা জিয়া, আপনি একজন নিষ্ঠুর, নির্দয় মহিলা। আপনার নিষ্ঠুর চেহারা জনগণের সামনে উপস্থাপতি হয়েছে। আপনি শুধু নিষ্ঠুর, নির্দয় নন, আপনি মানুষকে পুড়িয়ে অসত্ উপায়ে ক্ষমতায় যেতে চেয়েছিলেন। কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, হেফাজতে ইসলাম ও জামায়াত-বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা যে আগুন নিয়ে খেলছে, সে আগুনে তারা ধ্বংস হয়ে যাবে।এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি যৌথসভা হয়। সভায় উপস্থিত ছিলেন জাসদের কার্যকরী সভাপতি মাঈনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।