খালেদা এতিমদের টাকা মেরেছেন: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি তাদের সঙ্গে জোট বেঁধেছে এবং মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। আর সেটা এই বাংলাদেশের মাটিতেই হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলা সম্পর্কে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া এতিম-অসহায়দের টাকা মেরে খেয়েছেন।আজ বুধবার মানিকগঞ্জের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বলেন, মানিকগঞ্জবাসীর বিদ্যুত্-সমস্যা সমাধানে আরিচাঘাট এলাকায় পাওয়ার প্লান্ট স্থাপন করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য শিল্পকারখানা স্থাপন করা হবে।একই সঙ্গে মানিকগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন।এর আগে প্রধানমন্ত্রী বেলা একটায় যমুনা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে শিবালয়ে পুরাতন আরিচা ঘাট পয়েন্টে সংকুচিত এই নদীর ক্যাপিটাল ড্রেজিং উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি কপোতাক্ষ, কুশিয়ারা ও কর্ণফুলী নামে বিআইডব্লিউটিএর তিনটি ড্রেজার উদ্বোধন করেন।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এবং স্থানীয় সাংসদ এ বি এম আনোয়ারুল হক।এর আগে দুপুর ১২টার দিকে শেখ হাসিনা হেলিকপ্টারে করে মানিকগঞ্জে পৌঁছেন। এরপর তিনি সার্কিট হাউসে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।