খালেদা ও আমিনীর বক্তব্যে পার্থক্য অল্প: হাইকোর্ট
সংবিধান নিয়ে বক্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিরোধী দলের নেতা খালেদা জিয়া ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যে পার্থক্য অল্প। আমিনীর বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা হলে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার বক্তব্যও অনুরূপ। এ ধরনের বক্তব্য যাঁরা দিতে পারেন, তাঁদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।হাইকোর্ট আরও বলেন, সংবিধান ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য সহ্য করা হবে না।এর আগে সংবিধান ছুড়ে ফেলা প্রসঙ্গে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে হাইকোর্ট তাঁর মতামত তুলে ধরতে গেলে এজলাস কক্ষে গোলমাল, হইচই ও আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এমনকি এজলাসের দিকে ছোড়া হয় প্লাস্টিকের ভাঙা একটি অংশ।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বিত হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী আজ হাইকোর্টে হাজির হন। সংবিধান নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় তাঁকে আজ হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ৮ আগস্ট আমিনীকে আবার হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আমিনী গত ১৪ জুলাই লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় আয়োজিত সংগঠনের এক আলোচনা সভায় ‘সংশোধিত সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে’ বলে বক্তব্য দেন। ওই ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ২০ জুলাই রিট আবেদনটি করেন।